মুসলিম শরীফ - হাদীস নং ২,৬০১
আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ রুমী (রহঃ) ... ইয়াহইয়া (রহঃ) বলেন, আমি ও আবদল্লাহ ইবনু ইয়াযীদ রওনা হয়ে আবূ সালামার নিকট গেলাম। আমরা তাঁর কাছে একজন লোক পাঠালাম। তিনি বের হয়ে আমাদের নিকট এলেন। তাঁর বাড়ির সামনেই ছিল মসজিদ এবং আমরা সেখানেই তার অপেক্ষায় ছিলাম। তিনি বললেন, তোমরা ইচ্ছা করলে আমার বাড়িতেও যেতে পার। আর চাইলে এখানেও বসতে পার। আমরা বললাম, না বরং আমরা এখানেই বসি এবং আপনি আমাদের (হাদীস) বর্ণনা করুন। তিনি বললেন আমার কাছে আবদুল্লাহ ইবনু আমর ইবনুুূল আস (রাঃ) বর্ণনা করতে গিয়ে বলেন আমি সারা বছর সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করতাম এবং সারা রাত কুরআন পাঠ করতাম। একথা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উল্লেখ করা হয়েছে অথবা তিনি বলেছেনঃ (অধস্তন রাবীর সন্দেহ) আমাকে ডেকে পাঠান হয়েছে। আমি তাঁর কাছে উপস্থিত হলাম। তিনি আমাকে বললেন আমাকে অবহিত করা হয়েছে যে, তুমি সারা বছর সাওম পালন কর এবং সারা রাত্র কুরআন পাঠ কর। আমি বললাম, হে আল্লাহর নবী! আমি এরদ্বারা কল্যাণ লাভেরই প্রত্যাশী। তিনি বললেন তাহলে প্রতি মাসে তিন দিন সাওম পালন করাই তোমার জন্য যথেষ্ট। আমি বললাম হে আল্লাহর নবী! আমি এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। তিনি বললেনঃ তোমার উপর তোমার স্ত্রীর অধিকার রয়েছে, তোমার সাক্ষাত প্রার্থীর তোমার উপর অধিকার রয়েছে। এবং তোমার দেহেরও তোমার উপর অধিকার রয়েছে। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঊদ (আলাইহিস সালাম) এর সাওম পালন কর। কারণ তিনি ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক ইবাদতকারী। আমি বললাম হে আল্লাহর নবী! দাঊদ (আলাইহিস সালাম) এর সাওম কি? তিনি বললেনঃ তিনি একদিন সাওম পালন করতেন একদিন ছেড়ে দিতেন। তিনি আরও বললেন তুমি প্রতি মাসে একবার (পূর্ণ) কুরআন তিলওয়াত খতম কর। আমি বললাম হে আল্লাহর নবী! আমি এর চেয়েও অধিক পড়তে সক্ষম। তিনি বললেনঃ তাহলে প্রতি বিশ দিনে একবার কুরআন খতম কর। আমি বললাম হে আল্লাহর নবী! আমি এর চেয়েও অধিক পড়তে সক্ষম। তিনি বললেন তাহলে দশদিনে একবার কুরআন খতম কর। আমি বললামঃ হে আল্লাহর নবী! আমি এর চেয়েও বেশি পড়তে সক্ষম। তিনি বললেনঃ তাহলে সপ্তাহে একবার খতম কর এর অধিক নয়। কারণ তোমার উপর তোমার স্ত্রীর অধিকার আছে। তোমার দেহেরও অধিকার আছে। আবদুল্লাহ (রাঃ) বলেন আমি নিজের উপর কঠোরতা করেছি ফলে আমি কঠোরতায় নিক্ষিপ্ত হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরও বললেনঃ তুমি জান না হয়ত তুমি দীর্ঘজীবি হবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা বলেছেন আমি তা গ্রহণ করলাম। আমি যখন বার্ধক্যে উপনীত হলাম তখন আকাঙ্ক্ষা করলামঃ আহা, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেয়া অবকাশ গ্রহন করতাম।