মুসলিম শরীফ - হাদীস নং ২,৬৭৩
তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংগে ছিলাম। তাঁর নিকট এক ব্যাক্তি জুব্বা পরিহিত অবস্থায় উপস্থিত হল। তাতে (খালুক জাতীয়) সুগন্ধির চিহ্ন ছিল। সে বলল, হে আল্লাহর রাসুল! আমি উমরার ইহরাম বেঁধেছি, আমাকে কি করতে হবে? তিনি তার কথার কোন উত্তর না দিয়ে নীরব থাকলেন। যখন তার উপর ওহী নাযিল হতে আরম্ভ হল তখন উমর (রাঃ) তাকে ছায়া দেওয়ার জন্য একখন্ড কাপড় দিয়ে ঢেকে দিলেন। আমি (ইয়ালা) উমর (রাঃ) কে বলেছিলাম, তার উপর যখন ওহী নাযিল হয় তখন আমি তাঁর সংগে কাপড়ের অভ্যন্তর ভাগে আমার মাথা ঢুকাতে চাই। যখন ওহী নাযিল হল, উমর (রাঃ) তাঁকে একখন্ড কাপড় দিয়ে ঢেকে দিলেন। আমি তাঁর নিকট এসে কাপড়ের ভিতরে মাথা ঢুকিয়ে দিলাম এবং তাকে দেখলাম। এই অবস্থা শেষ হলে তিনি বললেন, এইমাত্র উমরা সম্পর্কে প্রশ্নকারী কোথায়? লোকটি তাঁর সামনে দাঁড়াল। তিনি বললেন, তোমার পরিধানের জুব্বা খূলে ফেল এবং সুগন্ধির চিহ্ন ধুয়ে ফেল। অতঃপর তুমি হাজ্জে যা করতে, তোমার উমরায় তাই কর।