Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,১৯৭

প্রায় ২ মিনিট · ২২৬ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা, যুহায়র ইবনু হারব ও আবূ কুরায়ব (রহঃ) ... ইবরাহীম তায়মী (রহঃ) থেকে তিনি তাঁর পিতার সূত্রে বর্নিত। তিনি বলেন, আলী ইবনু আবূ তালিব (রাঃ) আমাদের উদ্দেশ্যে ভাষন দিলেন। তিনি বললেন যে ব্যক্তি ধারণা করে যে, আমাদের (আহলে বাইত) কাছে আল্লাহর কিতাব ছাড়া যা আমরা পাঠ করি এবং এ সহীফা রাবী বলেন, অর্থাৎ ঐ সহীফা, যা তার তরবারীর খাপে ঝুলন্ত ছিল তা ছাড়া কিছু আছে, সে মিথ্যা বলে। এই সহীফায় উটের বয়স এবং কিছু যখমের বর্ণনা ছিল। এর মধ্যে আরও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার আইর ও সাওর এর মধ্যবর্তী স্থান হারাম। এখানে যে ব্যক্তি কোন বিদআতী কর্মে লিপ্ত হয় অথবা কোন বিদআতীকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহ, তার ফিরিশতাদের ও সমগ্র মানব জাতির লানত। কিয়ামতের দিন আল্লাহ তার কোন ফরয ও নফল ইবাদত কবুল করবেন না। মুসলিমদের পক্ষ থেকে নিরাপত্তা প্রদানে সকলে সমান। তাদের নিম্নস্তরের একজনের প্রদত্ত নিরাপত্তাও কার্যকর। যে ব্যক্তি নিজ পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করে অথবা নিজ মনিবের পরিবর্তে অন্য মনিবের সাথে নিজেকে সম্পর্কিত করে তার উপর আল্লাহ, তাঁর ফিরিশতাদের ও সমগ্র মানব জাতির লানত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ফরয বা নফল কোন ইবাদতই গ্রহণ করবেন না। রাবী বলেন, আবূ বকর ও যূহায়রের হাদীস শেষে হয়ে গেছে 'তাদের নিম্নস্তরের একজনের প্রদত্ত নিরাপত্তাও কার্যকরী' এই কথা পর্যন্ত। তারা এর পরবর্তী অংশ উল্লেখ করেননি। তাদের উভয়ের বর্ণনায় 'তাঁর তরবারীর খাপে ঝুলন্ত' কথটুকু উল্লেখিত হয় নি।

ছবি বানান