মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬১৭
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট লি’আনের আলোচনা করা হয়। তখন আসিম ইবনু আদী (রাঃ) ঐ বিষয়ে কিছু কথা বলে ফিরে গেলেন। অতঃপর তার গোত্রের একজন লোক তার কাছে এসে অভিযোগ করল যে, সে তার স্ত্রীর সঙ্গে এক (অপিরিচিত) লোককে দেখতে পেয়েছে। তখন আসিম (রাঃ) বললেন, আমি আমার উক্তির (বক্তব্যের) কারণে এই মুসীবতে পতিত হলাম। তখন তিনি তাকে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। এরপর সে তাকে (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে) সেই ব্যক্তি সম্পর্কে অবহিত করল যাকে সে তার স্ত্রীর সঙ্গে দেখতে পেয়েছিল। এ লোকটি ছিল হরিৎ বর্ণবিশিষ্ট কৃষ্ণকায় ও সরল কেশধারী। আর সে যাকে তার স্ত্রীর সঙ্গে দেখতে পেয়েছিল সে ছিল সুঠাম দেহী, ছোটা নলা ও বাদামী রং বিশিষ্ট। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ইয়া আল্লাহ তুমি বিষয়টি সমাধা করে দাও। সে মহিলা এমন একটি সন্তান প্রসব করল, যে ছিল ঐ লোকটির মত যাকে স্বামী তার সঙ্গে দেখতে পেয়েছে বলে উল্লেখ করেছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের মধ্যে লি’আন করালেন। তখন জনৈক ব্যক্তি সে মজলিসেই ইবনু আব্বাস (রাঃ) কে বলল, এই কি সেই মহিলা যার সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, “যদি আমি বিনা প্রমাণে কাউকে রজম করতাম তবে একেই রজম করতাম।” তখন ইবনু আব্বাস (রাঃ) বললেন, না- সে ছিল অপর এক মহিলা যে মুসলিমদের মাঝে অশ্লীলতা করত।