Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,২৪০

প্রায় ৩ মিনিট · ৩০৪ শব্দ

তার পিতা তাঁকে বর্ণনা করেছেন, আমি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে চামড়ার রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে আগমন করল এবং বলল, হে আল্লাহর রাসুল! এই ব্যক্তি আমার ভাইকে হত্যা করেছে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি তাকে হত্যা করেছ? (তখন সে বলল, যদি সে তা স্বীকার না করে, তবে আমি তার বিপক্ষে সাক্ষী দাঁড় করাব।) সে তখন বলল, হাঁ আমি তাকে হত্যা করেছি। তিনি জিজ্ঞাসা করলেনঃ তুমি তাকে কিভাবে হত্যা করেছ? সে বলল, আমি এবং সে বৃক্ষের পত্র সংগ্রহ করছিলাম। এমন সময় সে আমাকে গালি দিল। এতে আমার রাগ চড়ে গেল। তখন আমি কুঠার দ্বারা তার মাথায় আঘাত করলাম। এভাবে আমি তাকে হত্যা করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তোমার কি এমন কোন সস্পদ আছে যদ্বারা ’দিয়্যাত’ (রক্তপণ) আদায় করতে পারবে। তখন সে বলল, আমার কাছে একটি কম্বল ও কুঠার ব্যতীত আর কিছুই নেই। তখন তিনি বললেনঃ তোমার সম্প্রদায়ের লোকেরা কি তোমাকে ক্রয় করবে (মুক্ত করিয়ে নেবে)? সে বলল, আমার সম্প্রদায়ের কাছে আমার এতখানি মর্যাদা নেই। তখন তিনি তার বন্ধনের দড়ি নিহত ব্যক্তির ওয়ারিসের দিকে নিক্ষেপ করে দিলেন এবং বললেনঃ তোমার বিবাদীর ব্যাপারে তুমিই বুঝে নাও। সে তাকে নিয়ে চলল। যখন সে পিছনের দিকে ফিরল, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে তাকে হত্যা করে- তবে সেও তার সমকক্ষ হয়ে গেল। এ কথা শুনে সে ফিরে এল এবং বলল, হে আল্লাহর রাসুল! আমি শুনলাম, আপনি বলেছেনঃ 'যদি সে তাকে হত্যা করে তবে সে তার সমকক্ষ হয়ে যাবে।' আমি তো তাকে আপনার নির্দেশেই ধরেছি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি চাওনা যে, সে তোমার এবং তোমার ভাইয়ের পাপের বোঝা গ্রহন করুক। তখন সে বলল, জী-হাঁ, অবশ্যই। তিনি বললেন, তা এমনই। রাবী বলেন, তখন সে তার বন্ধনের দড়ি ছুড়ে ফেলল এবং তাকে মুক্ত করে দিল।

ছবি বানান