মুসলিম শরীফ - হাদীস নং ৪,৭৮১
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারাম বিনত মিলহান (রাঃ) এর ঘরে যেতেন। তিনি তাকে আপ্যায়িত করতেন। (পরবর্তী সময়ে) উম্মু হারাম (রাঃ) ছিলেন, উবাদা ইবনু সামিত (রাঃ) এর স্ত্রী। একদা তিনি তাঁর ঘরে গেলেন এবং তিনি তাকে (চিরাচরিত অভ্যাস অনুযায়ী) আপ্যায়িত করলেন। তারপর তিনি তাঁর (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর) মাথার উকুন দেখতে লাগলেন এবং এ অবস্হায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। তারপর তিনি যখন জাগলেন তখন তিনি হাসছিলেন। উম্মু হারাম (রাঃ) বলেন, আমি তখন বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনার হাসার কারণ কি? তিনি বললেনঃ আমার উম্মাতের এমন কিছু লোককে আমার সম্মুখে পেশ করা হলো, যারা আল্লাহর রাহের যোদ্ধারূপে সাগরের বুকে আরোহণ করবে। তারা যেন সিংহাসনে আসীন রাজা-বাদশাহ। অথবা বলেছেন, রাজা-বাদশাহর মত সিংহাসনে আসীন হবেন। রাবী সন্দেহপোষণ করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাক্যটি বলেছেন। উম্মু হারাম (রাঃ) বলেন, তখন আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকেও তাদের সঙ্গে শামিল করেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্যে দোয় করলেন। এরপর তিনি মাথা রেখে শুয়ে পড়লেন। আবার জেগে হাসতে লাগলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে কিসে হাসাচ্ছে ইয়া রাসুলাল্লাহ? তিনি বললেনঃ আমার উম্মাতের কিছু সংখ্যক লোককে আমার সম্মুখে পেশ করা হয়, আল্লাহর রাহের যোদ্ধারূপে সাগরের বুকে আরোহণ করবে। তারা যেন সিংহাসনে আসীন রাজা-বাদশাহ। অথবা বলেছেন, রাজা-বাদশাহর মত সিংহাসনে আসীন হবেন। তখন আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকেও তাদের সঙ্গে শামিল করেন। তিনি বললেনঃ তুমি হবে তাদের প্রথম দলের একজন। পরবর্তী সময়ে উম্মু হারাম বিনত মিলহান (রাঃ) মু’আবিয়া (রাঃ) এর আমলে সমূদ্রপৃষ্ঠে (সাইপ্রাসের যুদ্ধ উপলক্ষে) আরোহণ করেন এবং সমুদ্র থেকে নির্গমনকালে সাওয়ারা থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।