Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৭৮২

প্রায় ২ মিনিট · ১৯২ শব্দ

তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে এলেন এবং আমাদের এখানেই মধ্যাহ্ন বিশ্রাম করলেন। তারপর তিনি যখন জাগলেন তখন হাসছিলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনার হাসবার কারণ কি? আপনার প্রতি আমার পিতামাতা কুরবান হোক। তিনি বললেনঃ আমাকে (স্বপ্নে) দেখানো হলো যে, আমার উম্মাতের মধ্যকার একদল লোক (দেখলাম)সমুদ্রপৃষ্ঠে আরোহণ করবে রাজা-বাদশাহদের সিংহাসনে আরোহণের মতো। তখন আমি আরয করলাম, আপনি আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকে তাদের সঙ্গে শামিল রাখেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের মধ্যে শামিল থাকবে। তারপর তিনি শুয়ে পড়েন এবং পূনরায় জাগ্রত হয়ে আবারও হাসতে থাকেন। আমি তাঁকে এর কারণ জিজ্ঞাসা করলাম তিনি পুর্বের ন্যায় জবাব দিলেন। অতঃপর আমি বললাম, আপনি আল্লাহর কাছে দুআ করুন যেন তিনি আমাকে তাদের সঙ্গে শামিল রাখেন। তিনি বললেনঃ তুমি হবে তাদের প্রথম দলের অন্তর্ভুক্ত। রাবী বলেন, তারপর পরবর্তীকালে উবাদা ইবনু সামিত (রাঃ) তাকে বিয়ে করেন। তিনি সমুদ্রযুদ্ধে যাত্রা করেন এবং তাকেও সঙ্গে নিয়ে যান। যখন তিনি ফিরে আসছিলেন তখন একটি খচ্চর তাঁর কাছে আনা হলো। তিনি তাতে আরোহণ করলেন তখন খচ্চরটি তাঁকে নীচে ফেলে দেয়। তাতে তার ঘাড় ভেঙ্গে যায়। (এবং এভাবে তিনি শহীদ হন)।

ছবি বানান