Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৪৩

প্রায় ৩ মিনিট · ৩৬১ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি অভিযানে প্রেরণ করলেন এবং আবূ উবায়দাকে আমাদের আমীর নিযুক্ত করলেন। কুরায়শদেরকাফেলার গতিবিধি লক্ষ্য রাখা এবং তাদের প্রতিরোধ করার দায়িত্ব ছিলো আমাদের। তিনি পাথেয় স্বরূপ আমাদেরকে এক থলে খেজুর সাথে দেন। এছাড়া অন্য কিছু আমাদের জন্য তিনি পাননি। আবূ উবায়দা (রাঃ) আমাদেরকে দৈনিক একটা করে খেজুর দিতেন। রাবী বলেন, আমি তখন বললাম, তা দিয়ে আপনারা কিভাবে কি করতেন? আমি বললাম, আমরা তা চুষতাম যেভাবে শিশুরা চুষে থাকে। তারপর এর উপর পানি পান করে নিতাম এবং তা আমাদের দিবারাত্রের জন্য যথেষ্ট হতো। এছাড়া আমরা আমাদের লাঠি দিয়ে (বাবলা) গাছের পাতা পেড়ে পানিতে তা ভিজিয়ে (নিয়ে তারপর তা খেয়ে) নিতাম। রাবী বলেন, তারপর আমরা সাগর উপকুল দিয়ে চলতে লাগলাম। এমন সময় সমুদ্রউপকুলে উঁচু টিবির মতো কী যেন একটা আমাদের সন্মুখে উত্থিত হলো। আমরা যখন তার নিকটবর্তী হলাম তখন লক্ষ্য করলাম যে, উহা একটি জন্তু, যাকে ’আম্বর’ (তিমি) বলা হয়। রাবী বলেন, আবূ উবায়দা (রাঃ) বললেন, এতো মৃত জন্তু। তারপর বললেন, না, বরং আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরিত দুত এবং আমরা আল্লাহর রাহেই রয়েছি। আর এখন তোমরা প্রাণান্তকর অবস্থায়, সুতরাং তোমরা তা খেতে পারো। রাবী বলেন, তারপর দীর্ঘ একমাস আমরা তিনশ’ লোক তা খেয়েই কাটালাম এবং আমরা মোটাতাজা হয়ে উঠলাম। রাবী বলেন, আমি দেখেছি, কি ভাবে কলসীর পর কলসী (মটকা) ভরে তৈল (চর্বি) আমরা তার চক্ষুর কোটর থেকে বের করি এবং তার দেহ থেকে এক একটি ষাঁড় পরিমাণ গোশতখন্ড খসিয়ে নেই। তারপর আবূ উবায়দা (রাঃ) আমাদের মধ্যকার তের জন লোককে ডেকে নিলেন এবং ঐ চক্ষুটির চোখের কোটরে বসিয়ে দিলেন। তিনি জন্তুটির পাঁজরের একটি অস্থি তুলে দাঁড় করালেন। তারপর আমাদের সবচাইতে বড় উটটির উপর হাওদা চড়ালেন আর সেই উটটি দিব্যি তার নিচ দিয়ে অতিক্রম করে গেল। তারপর অবশিষ্ট গোশত আমরা সিদ্ধ করে আমাদের পাথেয় রূপে নিয়ে আসলাম। যখন আমরা মদিনায় প্রত্যাবর্তন করলাম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হয়ে সে কথা তাঁর কাছে বললাম। তখন তিনি বললেন, এটা হচ্ছে রিযিক যা আল্লাহ তোমাদের জন্যই বের করেছিলেন। তোমাদের কাছে কি তার অবশিষ্ট কিছু গোশত আছে? তাহলে তোমরা আমাদেরও তা খেতে দাও। রাবী বলেন, আমরা তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার কিছু অংশ প্রেরণ করি এবং তিনি তা আহার করেন।

ছবি বানান