Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,২২৯

প্রায় ২ মিনিট · ২৮১ শব্দ

তিনি বলেন, (একবার) উমার (রাঃ) উতারিদ তামীমীকে বাজারে লাল রং এর হুল্লা বিক্রি করতে দেখলেন। লোকটির রাজা-বাদশাহদের দরবারে যাতায়াত ছিল এবং তাদের কাছ থেকে কিছু (উপহার উপঢৌকন পেত)। উমার (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমি উতারিদকে বাজারে সিয়ারা হুল্লা বিক্রি করতে দেখলাম। আপনি যদি এটি খরিদ করে আরবের প্রতিনিধি দল আগমনের সময় পরিধান করতেন! আমার মনে হয় তিনি আরো বলেছেন, এবং জুমুআর দিনেও পরিধান করতেন, (তাহলে কতো না ভাল হতো!) তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেনঃ রেশমী কাপড় সে লোকই দুনিয়ায় পরিধান করবে, পরকালে যার কোন হিসসা নেই। পরবর্তী সময়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছু সিয়ারা হুল্লা আসলে তিনি তার একটি উমার (রাঃ) এর কাছে ও একটি উসামা ইবনু যায়দ (রাঃ) এর কাছে পাঠিয়ে দিলেন। আলী ইবনু আবূ তালিব (রাঃ) কেও তিনি একটি হুল্লা- দিলেন এবং বললেন, এটি ফেড়ে ওড়না বানিয়ে তোমার মহিলাদের মাঝে বণ্টন করে দাও। ইবনু উমার (রাঃ) বলেন, এরপর উমার (রাঃ) তার হুল্লাটি নিয়ে আসলেন এবং বললেন ইয়া রাসুলাল্লাহ! এটি আপনি আমার নিকট পাঠিয়ে দিলেন অথচ গতকাল উতারিদ এর হুল্লা সম্পর্কে আপনি যা বলার তা বলেছিলেন? তিনি বললেন, পরিধান করার জন্য সেটি আমি তোমার কাছে পাঠাইনি, বরং আমি এটি তোমার কাছে পাঠিয়েছি যাতে তুমি এটি বিক্রি করে উপকৃত হতে পার। এদিকে উসামা (রাঃ) তাঁর হুল্লাটি পরিধান করে বিকেল বেলা বের হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রতি এমনভাবে তাকালেন, যে, তিনি বুঝতে পারলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ কাজকে অপছন্দ করেছেন। তখন তিনি বললেন, ইয়া বাসূলাল্লাহ! আপনি এভাবে আমার প্রতি তাকাচ্ছেন কেন? আপনই তো এটি আমার নিকট পাঠিয়েছেন! তিনি বললেন আমি তোমার কাছে এজন্য পাঠাই নি যে, তুমি এটি পরিধান করবে বরং এজন্য এটি পাঠিয়েছি যে, তুমি এটি ফেড়ে ওড়না বানিয়ে তোমার মহিলাদেরকে দিবে।

ছবি বানান