মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৩০
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) বলেছেন, উমার ইবনু খাত্তাব (রাঃ) (একদা) বাজারে মোটা রেশমের তৈরি একটি হুল্লা বিক্রি হতে দেখে সেটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে এলেন এবং বললেন, হে আল্লাহর রাসুল! আপনি এটি খরিদ করুন। তাহলে ঈদের দিন ও প্রতিনিধি দলের আগমণকালে এটি দ্বারা আপনি সুসজ্জিত হতে পারবেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটি (রেশমী বিধায়) কেবল সে ব্যক্তিরই পোশাক, যার (পরকালে) কোন হিসসা নেই। ইবনু উমার (রাঃ) বলেন, এরপর উমার (রাঃ) আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছুকাল অতিবাহিত করলেন। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে একটি খাঁটি রেশমের জুব্বা পাঠালেন। উমার (রাঃ) সেটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসুল! আপনিই তো বলেছেন, এটি সে ব্যক্তিরই পোশাক (পরকালে) যার কোন অংশ নাই, আবার আপনি এটি আমার কাছে পাঠালেন? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেনঃ (আমি পাঠিয়েছি) তুমি এটি বিক্রি করে নিজের প্রয়োজন মিটাবে।