মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৩৬
তিনি বলেন, (ভণ্ড নবী) মুসায়লামা কাযযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলে মদিনায় এল, সে তখন বলতে থাকল, মুহাম্মাদ যদি তার (মৃত্যুর) পরে নেতৃত্ব আমাকে দেওয়ার অঙ্গীকার করে, তা হলে আমি তার অনুসরণ করব। সে তার কাওমের অনেক লোকজন নিয়ে মদিনায় এল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে গেলেন। তাঁর সাথে ছিলেন সাবিত ইবনু কায়স ইবনু শামমাস (রাঃ)। আর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ছিল খেজুর শাখার একটি টুকরা। অবশেষে তিনি সহচর বেষ্টিত মুসায়লামার সামনে গিয়ে থামলেন এবং কথাবার্তার এক পর্যায়ে বললেন (তুমি যদি আমার কাছে এ) নগণ্য খেজুর ডালের টুকরাটিও দাবি কর, তবু আমি তা তোমাকে দিব না এবং আমি কিছুতেই তোমার ব্যাপারে আল্লাহর বিধান লংঘন করব না। (অথবা আল্লাহর সিদ্ধান্ত লংঘন করব না) আর যদি তুমি (অবাধ্য হও) পাশ্চাতে ফিরে যাও, তা হলে অবশ্যই আল্লাহ তোমাকে ঘায়েল করবেন। আর আমি অবশ্যই মনে করি যে, যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, তা তোমার ব্যাপারেই দেখানো হয়েছে। আর (আমি তোমার সাথে অধিক বাক্য ব্যয় করতে চাই না), তবে এ সাবিত আমার পক্ষ থেকে তোমাকে জবাব দিবে। এর পর তিনি তার কাছ থেকে ফিরে চললেন। রাবী ইবনু আব্বাস (রাঃ) বলেন, পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য ’তোমাকেই মনে করি যে, আমকে (স্বপ্নে) যা দেখানো হয়েছে, তা তোমার ব্যাপারেই দেখানো হয়েছে’ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন আবূ হুরায়রা (রাঃ) আমাকে বললেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি ঘুমন্ত অবস্থায় আমার দুহাতে দুটো সোনার কংকন দেখতে পেলাম; সে সুটির অবস্থা আমাকে দুশ্চিন্তায় ফেলল। স্বপ্নে আমার কাছে ওহী পাঠানো হল যে, ও দুটিকে ফুঁ দিন। আমি সে দুটি ফুঁ দিলে সে দুটি উড়ে গেল। তখন আমি (স্বপ্নে দেখা) সে বালা দুটির, ব্যাখ্যা করলাম দু’জন নবুওয়াতের মিথ্যা দাবিদার, যারা আমার পরে আত্মপ্রকাশ করবে। (রাবী বলেন), তাদের দুজনের একজন হল ’আল-আনাসী’ সান’আ বাসীদের নেতা এবং অপরজন হল মুসায়লামা- ইয়ামামাবাসীদের সরদার।