মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯৩২
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নবী ইবরাহীম (আলাইহিস সালাম) কখনো মিথ্যা বলেন নি; তিনবার (রূপক মিথ্যা) ব্যতীত। দু’বার আল্লাহ সস্পর্কিত। একবার তো তিনি বলেছিলেন, আমি অসুস্থ আর তাঁর কথা, 'বরং এদের বড়টাই একাজ করেছে' (মূর্তি ভেঙ্গেছে)। আরেকটা ’সারা’ সম্পর্কে। যখন তিনি এক অত্যাচারীর দেশে গিয়েছিলেন, (স্ত্রী) সারাও সঙ্গে ছিলেন। সারা ছিলেন সেরা সুন্দরী। তখন ইবরাহীম (আলাইহিস সালাম) সারাকে বললেন, এ অত্যাচারী রাজা যদি জানতে পারে যে, তুমি আমার স্ত্রী, তবে তোমাকে ছিনিয়ে নেবে। কাজেই তোমাকে যদি কেউ প্রশ্ন করে, তুমি বলবে যে, তুমি আমার বোন। ইসলামের দিক দিয়ে তুমি তো আমার বোনই হও। কেননা তুমি আর আমি ছাড়া পৃথিবীতে আর কোন মুসলিম আছে বলে আমার জানা নেই। যখন ইবরাহীম (আলাইহিস সালাম) সে অত্যাচারীর দেশে পৌছলেন, তখন রাজার লোকজন তাঁর কাছে নারীকে দেখতে পেয়ে রাজার কাছে এসে বলল, আপনার দেশে এমন একজন স্ত্রীলোক এসেছে, আপনই শুধু তার উপযুক্ত। রাজা সারাকে ডেকে পাঠালে ইবরাহীম (আলাইহিস সালাম) সালাতে দাঁড়িয়ে গেলেন। সারা যখন রাজার কাছে পৌছলেন, সে সম্মোহিতের মত সারার দিকে হাত বাড়াতেই তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এটে গেলো। রাজা বললো, তুমি আল্লাহর কাছে আমার হাত খুলে যাওয়ার জন্য দুআ কর, আমি তোমাকে বিরক্ত করবো না। তিনি দুআ করলেন। পুনরায় সে হাত বাড়াল, তখন প্রথম মুষ্টির চেয়ে অধিক শক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সারাকে সে আগের মতই বললো। তিনি দুআ করলেন। পুনরায় সে হাত বাড়াল। তখন প্রথম দুবারের চেয়ে আরো অধিক কঠিনভাবে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেলো। তখন রাজা বললো, তুমি আল্লাহর কাছে আমার হাত খুলে দেয়ার জন্য দুআ কর। আল্লাহর কসম, তোমাকে আমি উত্যক্ত করব না। তিনি দুআ করলেন। তার হাত খুলে গেলো। তখন সে ঐ লোকটিকে ডাকলো যে সারাকে এনেছিলো। বললো, তুই তো আমার কাছে শয়তান নিয়ে এসেছিস, মানুষ আনিস নি। একে আমার দেশ থেকে বের করে দে। সাথে হাজেরাকে দিয়ে দে। বর্ণনাকারী বলেন, সারা এগিয়ে চললেন। ইবরাহীম (আলাইহিস সালাম) তাঁদের দেখে এগিয়ে এলেন এবং তাঁকে জিজ্ঞাসা করলেন, কি খবর? তিনি বললেন, ভালোই আল্লাহ তাআলা আমার উপর থেকে পাপাচারীর হাতকে ফিরিয়ে রেখেছেন। আর একটা সেবিকাও দিয়েছেন। আবূ হুরায়রা (রাঃ) বলেন, এই (সেবিকাই) তোমাদের মা, হে আসমানের পানির সন্তানেরা!