মুসলিম শরীফ - হাদীস নং ৬,৩৪৭
আবূ বকর ইবনু আবূ শায়বা, যুহায়র ইবনু হারব, আহমাদ ইবনু আবাদা দাব্বিয়্যু ও ইবনু আবূ উমর (রহঃ) ... সুফইয়ান ইবনুু উয়ায়না (রহঃ) বলেন যে, আমর (রহঃ) জাবির (রাঃ) কে বলতে শুনেছেন, আমরা এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তখন একজন মুহাজির একজন আনসারের নিতম্বে আঘাত করল। সে সময় আনসারী চীৎকার করে বলল, হে আনসারীরা! আর মুহাজির ব্যক্তি ডাক দিল, হে মুহাজিরগণ! তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কী ব্যাপার! জাহিলিয়্যা যুগের মত হাঁক-ডাক কেন? তারা বলল, ইয়া রাসুলাল্লাহ! একজন মুহাজির একজন আনসারকে পাছায় আঘাত করেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা এরুপ কথাবার্তা ছেড়ে দাও। কেননা, এ-তো (দুর্গন্ধময়ী) ন্যাক্কারজনক। এরপর আবদুল্লাহ ইবনু উবাইঘটনাটি শুনে বলল, তারা কি এরূপ কাণ্ড ঘটিয়েছে? আল্লাহর কসম! আমরা মদ্বীনায় ফিরে গেলে সেখানকার সবলরা অবশ্যই দুর্বলকে বহিস্কৃত করে দেবে। উমর (রাঃ) বললেন, (ইয়া রাসুলাল্লাহ!) আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেই। তখন তিনি বললেন, একে ছেড়ে দাও, যাতে লোকেরা বলাবলি না করে যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের কতল করেন।