মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫৫৫
তিনি বলেন, আমাকে আয়িশা (রাঃ) বললেন, হে আমার ভগ্নীপুত্র! আমার কাছে খবর এসেছে যে, আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) আমাদের সঙ্গে হজ্জ পালন করতে এসেছেন। তুমি তাঁর সঙ্গে সাক্ষাৎ কর এবং হাদীস জিজ্ঞাসা করতে থাক। কেননা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু জ্ঞান অর্জন করেছেন। তিনি (উরওযা) বলেন, তখন আমি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর নিকট এমন অনেক বিষয়ে জিজ্ঞাসা করলাম, যা তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। উরওয়া (রহঃ) বলেন, সে সব বিষয়ের মধ্যে একটি ছিল এই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে ইলম ছিনিয়ে নেবেন না। তবে তিনি আলিমদের উঠিয়ে নেবেন। সুতরাং তাদের সঙ্গে ইলমও উঠে যাবে। আর মানুষের মাঝে অবশিষ্ট রাখবেন জাহিল নের্তৃবৃন্দকে। তারা না জেনে লোকদের ফাতওয়া দিবে। ফলে তারা পথভ্রষ্ট হবে এবং অন্যদেরপথভ্রষ্ট করবে। উরওয়া (রহঃ) বলেন, আমি যখন এই হাদীসটি আয়িশা (রাঃ) এর কাছে বর্ণনা করলাম তখন তিনি একে গুরুত্বপূর্ণ মনে করলেন এবং তাতে আপত্তি করে বললেন, তিনি [আবদুল্লাহ ইবনু আমর (রাঃ] কি তোমাকে হাদীস শুনিয়েছেন যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এটি বলতে শুনেছেন? উরওয়া (রহঃ) বললেন, যখন পরবর্তী বছর এল তখন তিনি [আয়শা (রাঃ)] তাকে (উরওয়া কে) বললেন, নিশ্চয়ই ইবনু আমর (রাঃ) আগমন করেছেন। তার সঙ্গে সাক্ষাৎ কর। এরপর তার কাছে পুনরায় বুঝে নিবে এবং তাকে সেই হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করবে যা ইলম বিষয়ে তিনি তোমার কাছে উল্লেখ করেছেন। উরওয়া (রহঃ) বললেন, তখন আমি তার সঙ্গে দেখা করে তাঁকে জিজ্ঞাসা করলাম। তখন তিনি তা আমার কাছে উল্লেখ করলেন, যেমন প্রথমবার তা বর্ণনা করেছিলেন। উরওয়া বলেন, যখন আমি তাকে (আয়িশা (রাঃ) কে) বিষয়টি অবহিত করলাম তখন তিনি বললেন, আমি আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) কে সত্যবাদী বলে জানি এবং তিনি এতে (এই হাদীসে) কিছু মাত্র বেশী কিংবা কম করেননি।