মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫৫৬
তিনি বলেন, কয়েকজন বেদুঈন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এল। তাদের পরিধানে ছিল পশমী বস্ত্র। তিনি তাদের দুরাবস্থা দেখলেন। তারা ছিল অভাবে পতিত। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের (তাদেরকে) দান-খয়রাত করার জন্য উৎসাহিত করলেন। লোকেরা সাদাকা দিতে বিলম্ব (ইতস্তত) করছিল। এমনকি এর প্রতিক্রিয়া তাঁর চেহারায় প্রতিভাত হল। রাবী বলেন, এরপর একজন আনসারী ব্যক্তি একটি রূপার (টাকার) থলে নিয়ে এলেন। এরপর আরেকজন এলেন। এরপর একের পর এক আসতে লাগলেন, অবশেষে তার চেহারায় খুশীর চিহ্ন ফুটে উঠল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে ব্যক্তি ইসলামে কোন ভাল রীতির প্রচলন করবে এবং পরবর্তীকালে সে অনুযায়ী আমল করা হয় তাহলে আমলকারীর সাওয়াবের সমপরিমাণ সাওয়াব তার জন্য লিপিবদ্ধ করা হবে। এতে তাদের সাওয়াবের কোন রূপ ঘাটতি হবে না। আর যে ব্যক্তি ইসলামে কোন কুরীতির (মন্দ কাজের) প্রচলন করবে এবং তারপরে সে অনুযায়ী আমল করা হয় তাহলে ঐ আমলকারীর মন্দ ফলের সমপরিমাণ গুনাহ তার জন্য লিপিবদ্ধ করা হবে। এতে তাদের গুনাহ কিছুমাত্র হ্রাস হবে না।