Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৬৫

প্রায় ২ মিনিট · ২৯৫ শব্দ

তিনি বলেন, আমার ব্যাপারে লোকেরা যখন কুৎসা রটাতে আরম্ভ করল, যা আমি জানিনা, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে তাশাহহুদ পাঠ করলেন এবং আল্লাহর শানের উপযুক্ত শব্দের মাধ্যমে তাঁর প্রশংসা বর্ণনা করলেন। তারপর বললেন, অতঃপর যারা আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ রটাচ্ছে তাদের সমন্ধে তোমরা আমাকে পরামর্শ দাও। আল্লাহর কসম! আমি আমার স্ত্রী সমন্ধে মন্দ কোন কিছু জানিনা এবং তারা যার ব্যাপারে অপবাদ রটাচ্ছে তাঁর সম্বন্ধেও খারাপ কিছু আমি জানিনা। আমার অনুপস্থিতিতে সে আমার গৃহে কখনো প্রবেশ করেনি এবং আমি যখন সফরে বের হয়েছি সেও তখন আমার সাথে সফরে বের হয়েছে। অতঃপর বর্ণনাকারী পূর্ণ কাহিনী সহ হাদীসটি বর্ণনা করেছেন। অবশ্য এতে অধিক রয়েছে যে, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহে প্রবেশ করে আমার বাঁদীকে জিজ্ঞাসাবাদ করলেন। তখন সে বললো, আল্লাহর কসম! আয়িশা (রাঃ) এর মধ্যে আমি কোন দোষ দেখিনি। তবে তিনি ঘুমিয়ে পড়তেন, আর বকরী এসে মথিত আটা খেয়ে ফেলতো। অথবা বললেন, খামীর খেয়ে ফেলতো। বর্ণনাকারী হিশাম عَجِينَ অথবা خَمِيرَ এতে সন্দেহ করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন সাহাবী তাকে ধমক দিয়ে বললেন, তুমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সত্য কথা বল। এমনকি তাঁরা তার সামনে ঘটনা তুলে ধরলেন। তখন বারীরা বললেন, সুবহানাল্লাহ! আল্লাহর কসম! স্বর্ণকার খাটি স্বর্ণের টুকরা সমন্ধে যেমন জানে আমিও আয়িশা সম্পর্কে সেরূপ জানি। যে ব্যক্তি সন্মন্ধে এ অপবাদ রটানো হচ্ছিল তার নিকট এ সংবাদ পৌছার পর তিনিও বললেন, সুবহানাল্লাহা আল্লাহর কসম! কোন মহিলার আবরণ আমি কখনো উন্মোচন করিনি। আয়িশা (রাঃ) বলেন, পরে তিনি আল্লাহর পথে শহীদ হন। এতে আরো অধিক রয়েছে যে, অপবাদ রটনাকারীদের মধ্যে ছিলেন মিসতাহ, হামনা ও হাসসান। আর মুনাফিক আবদুল্লাহ ইবনু উবাই সে ছিল ঐ ব্যক্তি যে খুঁজে খুজে বের করে এসব ছড়িয়ে দেয়ার কাজ করতো। সে এবং হামনাই এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে।

ছবি বানান