মুসলিম শরীফ - হাদীস নং ৮৩৬
তিনি বলেন, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাবুক যুদ্ধে অংশ-গ্রহণ করে ছিলেন। মুগীরা (রাঃ) বলেন, একদিন ফজরের সালাতের পূর্বে (উক্ত তাবূক নামক স্থানে) রাসূলল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (প্রাতঃকৃত) সমাধার্থে নিম্নভুমির দিকে রওয়ানা হলে আমি পানির পাত্র নিয়ে তার সঙ্গে গেলাম। যখন তিনি আমার নিকট ফিরে আসলেন আমি তাঁর হাতে পানি ঢেলে দিতে লাগলাম। তিনি প্রথমে তিনবার হাত ধৌত করলেন, অতঃপর মুখমন্ডল। তারপর তাঁর জুব্বার আস্তিন হাতের উপর দিকে উঠাতে চাইলেন। কিন্তু আস্তিন ছোট ছিল বিধায় তিনি জুব্বার নিচের দিক দিয়ে হাত ঢূকিয়ে দুই হাত জুব্বার নিচ দিয়ে বের করলেন। তারপর দুই হাত কনুই পর্যন্ত ধুইলেন। তারপর উভয় মোজার উপর মাসহ(মাসেহ) করলেন। তারপর রওয়ানা হলেন এবং আমিও তার সাথে রওয়ানা হলাম। ফিরে এসে দেখতে পেলাম, লোকজন আব্দুর রহমান ইবনু আওফ (রাঃ) কে আগে বাড়িয়ে দিয়েছে, তিনি তাদেরকে নিয়ে সালাত (নামায/নামাজ) আদায় করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাক’আত পেলেন এবং লোকজনের সাথে দ্বিতীয় রাক’আত আদায় করলেন। আব্দুর রহমান ইবনু আওফ (রাঃ) যখন সালাম ফিরালেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সালাত (নামায/নামাজ) পূর্ন করার নিমিত্তে দাঁড়ালেন। মুসলিমগণ এই দৃশ্য দেখে ঘাবড়ে গেলেন এবং বেশী করে তাসবীহ পড়তে নাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে তাদের লক্ষ্য করে বললেন তোমরা উত্তম কাজ করেছ। সঠিক ওয়াক্তে সালাত আদায় করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে লাগলেন।