মুসলিম শরীফ - হাদীস নং ৯২৪
তিনি বলেন, মু’আয ইবনু জাবাল (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাত (নামায/নামাজ) আদায় করতেন। অতঃপর ফিরে আসতেন এবং তার নিজ লোকদের সালাত ইমামত করতেন। এক রাতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ইশার সালাত আদায় করলেন। অতঃপর স্বীয় লোকদের কাছে আসলেন। এবং তাদের ইমামতি করলেন। এতে তিনি সূরা বাকারা পড়া শুরু করেন। এতে জনৈক ব্যাক্তি সরে গিয়ে সালাম ফিরাল এবং একাকী সালাত পড়ে চলে গেল। লোকেরা তাকে বলল, তুমি কি মুনাফিক হয়ে গিয়েছ? সে বলল, না আল্লাহর কসম আমি মুনাফিক নই। আমি অবশ্যই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যাব এবং তাকে একথা জানাব। অতঃপর সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট আসল এবং বলল, ইয়া রাসুলাল্লাহ! আমরা তো দিনে উট দিয়ে পানি সেচের কাজ করি। আর মু’আয (রাঃ) আপনার সঙ্গে ইশার সালাত আদায় করে আসেন এবং সূরা বাকারা পাঠ করা শুরু করেন। এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুা’আযের প্রতি ফিরলেন এবং বললেন, হে মু’আয তুমি কি ফিতনা সৃষ্টিকারী? তুমি এই সূরা পাঠ করবে। সুফিয়ান বলেন, আমি আমরকে বললাম, আবূ যুবায়র (রহঃ) জাবির (রাঃ) হতে বর্ণনা করেন যে, তিনি বললেন,وَالشَّمْسِ وَضُحَاهَا . وَالضُّحَى . وَاللَّيْلِ إِذَا يَغْشَى . وَسَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى পাঠ করবে। আমর (রাঃ) বললেন এমনই।