নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৮২৯
তিনি বলেন, খায়বরের বছর আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। সেখানে আমরা গনীমত হিসাবে কেবল মাল (ভূ-সম্পদ) আসবাবপত্র ও বস্ত্রাদি পেলাম। যুবায়র গোত্রের রিফাআ ইবন যায়দ নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি হাবশী, গোলাম দান করলো, যাকে লোকে মিদআম বলে ডাকতো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান হতে ওয়াদীল কুরার দিকে রওয়ানা হলেন। আমরা যখন ওয়াদীল কুরায় পৌছলাম তখন হঠাৎ একটি তীর এসে তার গায়ে লাগলো এবং তাকে হত্যা করলো। তার গায়ে এমন সময় তীর লাগলো, যখন সে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামান নামাচ্ছিল। তখন লোক বলতে লাগলোঃ তোমার জন্য জান্নাত মুবারক হোক। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কখনও নয়। আল্লাহর কাসম! যে মাল সে খায়বরের দিন গনীমতের মাল হতে বন্টনের পূর্বে নিয়েছিল, তা আগুন হয়ে তাকে গ্রাস করবে। লোকে যখন একথা শুনলো, তখন এক ব্যক্তি জুতার একটি অথবা দু’টি ফিতা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসলো। তিনি বললেনঃ একটি বা দুটি আগুনের ফিতা।