তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬১১
হান্নাদ (রহঃ) ... কায়স ইবনু আবূ হাযিম (রহঃ) থেকে আবূ মুআবিয়া (১৬০৭ নং) বর্ণিত হাদীসের বর্ণনা করেছেন। তবে এ সনদে জারীর রাদিয়াল্লাহু আনহু-এর উল্লেখ নেই। এটি অধিকত সহীহ। এই বিষয়ে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইসমাঈল (রহঃ) এর অধিকাংশ শারগিদ এটিকে কায়স ইবনু আবূ হাযিম থেকে রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাহিনী প্রেরণ করেছিলেন। এতে তারা জারীর রাদিয়াল্লাহু আনহু-এর উল্লেখ করেননি। হাম্মাদ ইবনু সালামা এটিকে হাজ্জাজ ইবনু আরতাত-ইসমাঈল ইবনু আবূ খালিদ-কায়স-জারীর রাদিয়াল্লাহু আনহু সূত্রে আবূ মুআবিয়া (রহঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন। আমি মুহাম্মাদ (ইমাম বুখারী)-কে বলতে শুনেছি যে, সহীহ হলো কায়স-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে মুরসালরূপে বর্ণিত রিওয়ায়াতটি। সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মুশরিকদের সাথে বসবাস করবে না এবং তাদের সাথে একত্রিতও হবে না। যে ব্যক্তি তাদের সাথে বসবাস করবে বা তাদের সাথে মিলিত হবে সে তাদেরই মত।