তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬৫১
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু হারাম বিনত মিলহানের ঘরে যেতেন। তিনি নবীজিকে মেহমানদারী করতেন। উম্মু হারাম ছিলেন উবাদা ইবনু সামিতের স্ত্রী। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে গেলেন। তিনি তাঁর মেহমানদারী করলেন। পরে তাঁকে বিশ্রাম করতে দিয়ে তাঁর মাথার চুলগুলো বিলিয়ে দিতে লাগলেন। অনন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এরপর তিনি হাসতে হাসতে জেগে গেলেন। উম্মু হারাম বললেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! কিসে এত হাসলেন? তিনি বললেন, আমার উম্মাতের একদল লোককে আমার সামনে পেশ করা হলো, তারা সিংহাসনারোহী বাদশাহের মত হয়ে সমুদ্রের পিঠে সাওয়ার হয়ে আল্লাহর পথে যুদ্ধ করছে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কাছে দু’আ করুন, আমাকে যেন তিনি তাদের অন্তর্ভুক্ত করেন। নবীজি তার জন্য দু’আ করলেন। এরপর মাথা রেখে ঘুমিয়ে গেলেন। এরপর তিনি জেগে উঠলেন তখন তিনি হাসছিলেন। আমি তাঁকে বললাম, ইয়া রাসুলাল্লাহ, কিসে আপনি হাসছেন। তিনি বললেন, আমার উম্মাতের কিছু লোককে পেশ করা হলো যারা আল্লাহর পথে যুদ্ধ করছে। আগে যেমন বলেছিলেন সেরূপ বর্ণনা দিলেন। উম্মু হারাম রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কাছে দু’আ করুন তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রথমোক্ত দলের সাথে থাকবে। পরে মুআবিয়া ইবনু আবূ সুফইয়ান রাদিয়াল্লাহু আনহু-এর যুগে উম্মে হারাম (সাইপ্রাসে) নৌ অভিযানে শামিল হন। যখন তিনি সাগর থেকে ফিরে আসেন তখন তাঁর বাহন থেকে পড়ে গিয়ে তিনি নিহত হন।