তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৬৯
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক অভিযানে পাঠিয়েছিলেন। অনন্তর আমরা এক সম্প্রদায়ের এখানে মনযিল করলাম এবং তাদের নিকট আতিথ্য প্রার্থনা করলাম। কিন্তু তারা আমাদের মেহমানদারী করল না। পরে তাদের সর্দারকে বিচ্ছু দংশন করে। তখন তারা আমাদের কাছে এসে বললঃ তোমাদের কেউ কি বিচ্ছু কাটার মন্ত্র জানে? আমি বললামঃ হ্যাঁ, আমি জানি কিন্তু আমাদেরকে অনেক বকরী না দেওয়া পর্যন্ত আমি ঝাড়বনা। তারা বললঃ আমরা তোমাদেরকে ত্রিশটি বকরী দিব। অনন্তর আমরা রাযী হয়ে গেলাম। সাতবার আলহামদু লিল্লাহ সূরাটি পড়ে তাকে ঝাড়লাম। ফলে লোকটি ভাল হয়ে গেল এবং বকরী গুলোও আমাদের কবযায় নিয়ে এলাম। আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ কিন্তু এ বিষয়ে আমাদের মনে কিছু সন্দেহের উদ্রেক হয়। তাইামরা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে না যাওয়া পর্যন্ত তোমরা কেউ এগুলোর বিষয়ে ব্যস্ততা করবে না। পরে আমরা যখন তাঁর কাছে আসলাম তখন আমি যা করেছিলাম সব কিছু তাঁকে বললাম। তিনি বললেনঃ তুমি কেমন করে জানলে যে এটিও ঝাড়-ফুঁকের বিষয়? বকরীগুলো নিয়ে নাও। আর তোমাদের সাথে আমাকেও একটি হিস্যা দিও।