তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪১৬
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান এবং আবূদ-দারদা এর মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক পাতিয়ে দিয়েছিলেন। একদিন সালমান রাদিয়াল্লাহু আনহু আবুদ-দারদা রাদিয়াল্লাহু আনহু-এর সাক্ষাতে এসে উম্মু-দারদা রাদিয়াল্লাহু আনহা-কে সাধারণ বেশ-ভুষায় দেখতে পেয়ে বললেনঃ কি বিষয়, তুমি এমন নিরাভরণ সাধারণ বেশ ভুষায় কেন? তিনি বললেনঃ আপনার আবুদ-দারদার তো দুনিয়ার কিছু দরকার নেই। উম্মুদ-দারদা রাদিয়াল্লাহু আনহা বললেনঃ পরে যখন আবুদ-দারদা রাদিয়াল্লাহু আনহু এলেন তখন তিনি (সালমান-এর সামনে) খানা পেশ করে বললেনঃ আপনি খান, আমি তো রোযাদার। তিনি বললেনঃ আপনি না খেলে আমিও খাব না। রাবী বলেন, তখন আবুদ-দারদা রাদিয়াল্লাহু আনহুও খানায় শরীক হলেন। রাত্রি (একটু গভীর) হয়ে এলে আবুদ-দারদা (তাহাজ্জুদের) সালাতে দাঁড়াতে গেলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু তাঁকে বললেনঃ ঘুমান। ফলে তিনি ঘুমালেন। কিন্তু পরে আবার সালাতের জন্য উঠতে গেলে সালমানি রাদিয়াল্লাহু আনহু তাঁকে বললেনঃ ঘুমান। ফলে তিনি আরো ঘুমালেন, শেষে সুবহে সাদিক ঘনিয়ে এলে সালমান রাদিয়াল্লাহু আনহু তাঁকে বললেনঃ এখন উঠুন। অনন্তর তাঁরা উভয়ে উঠে সালাত (নামায) আদায় করলেন। এরপর সালমান রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আপনার উপর আপনার নিজেরও হক রয়েছে। আপনার উপর আপনার প্রভুরও হক রয়েছে। আপনার উপর আপনার মেহমানেরও হক রয়েছে। আপনার উপর আপনার স্ত্রীরও হক রয়েছে। সুতরাং প্রত্যেক হক ওয়ালার হক আদায় করে দিবেন। পরে তাঁরা উভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন এবং তাঁর নিকট উক্ত বিষয়টি উল্লেখ করেন। তখন তিনি বললেনঃ সালমান ঠিকই বলেছে।