তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৪৯
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যখন রাত্রিকালীন সফর মি’রাজে নিয়ে যাওয়া হয় তখন তিনি এমন নবী ও নবীদের জামা’আতের পাশ দিয়ে গিয়েছেন যাদের সঙ্গে আছে একদল, এমন নবী ও নবীদের জামা’আতের পাশ দিয়ে গিয়েছেন যাদের সঙ্গে আছে একদল উম্মত, এমন নবী ও নবীদের জামা’আতের পাশ দিয়ে গিয়েছেন যাদের সঙ্গে কোন একজনও নেই। শেষে তিনি বিরাট এক দলের পাশ দিয়ে গেলেন। (তিনি বলেন) আমি বললামঃ এরা কারা? বলা হলঃ মূসা ও তাঁর কাওম। আপনি আপনার মাথা তুলে দেখুন। তিনি বলেনঃ আমি দেখি অগনিত মানুষের মহা এক সমাবেশ, এ দিগন্ত সে দিগন্ত পূর্ণ করে রেখেছে। বলা হল, এরা আপনার উম্মত। এরা ছাড়াও আপনার উম্মতের সত্তর হাজার লোক হিসাব ব্যতীত জান্নাতে প্রবেশ করবে। এরপর নবীজী হুজরায় চলে গেলেন। সাহাবীগণ এ সম্পর্কে কোন কিছু জিজ্ঞাসা করেন নি আর নবীজীও এ বিষয়ে তাঁদের কোন ব্যাখ্যা দেন নি। তারা নিজেরা নিজেরা বলাবলি করতে লাগলেন। একদল বললেনঃ এরা হলাম আমরা। এক দল বললেনঃ এরা হল ঐ সব সন্তান ইসলাম ও ফিতরতের উপর যাদের জন্ম হয়েছে। কিছুপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে বললেনঃ এরা হল তারা যারা লোহার দাগ দেয় না, ঝাড়-ফুঁক করে না, শুভাশুভের লক্ষণ মেনে চলে না, আর তাদের পরওয়ারদিগারের উপর তারা সদা নির্ভরশীল। তখন উককাশা ইবন মিহসান উঠে দাঁড়ালেন, বললেনঃ আমি কি তাদের মধ্যে হব, ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেনঃ হ্যাঁ। এরপর আরেকজন এল, বললেনঃ আমি কি তাদের থেকে হব? তিনি বললেনঃ এ মর্যাদা লাভে উককাশা তোমার অগ্রগামী হয়ে গেছে।