তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৬০
তিনি বলেন, রাত্রির দুই তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন। বলতেনঃ হে লোক সকল, তোমরা আল্লাহকে স্মরণ কর, তোমরা আল্লাহকে স্মরণ কর, প্রথম শিংগা ধ্বনির সময় আসছে তাকে অনুসরণ করবে পরবর্তী শিংগা ধ্বনি। মৃত্যু তার সব ভয়াবহতা নিয়ে সমাগত, মৃত্যু তার সব কিছু নিয়ে সমাগত। উবাই রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার উপর অধিক হারে দরূদ পাঠ করে থাকি। আমার সময়ের কতটুকু আপনার প্রতি দরূদ পাঠে ব্যয় করব? তিনি বললেনঃ তোমার যতটুকু ইচ্ছা। আমি বললামঃ এক চতুর্থাংশ সময়? তিনি বললেনঃ তোমার ইচ্ছা। কিন্তু যদি আরো বাড়াও তবে ভাল। আমি বললামঃ অর্ধেক সময়? তিনি বললেনঃ তোমার যা ইচ্ছা; তবে আরো বৃদ্ধি করলে তা-ও ভাল। আমি বললামঃ দুই তৃতীয়াংশ সময়? তিনি বললেণঃ তোমার ইচ্ছা; তবে আরো বাড়ালে তাও ভাল। আমি বললামঃ আমার সবটুকু সময় আপনার উপর দরূদ পাঠে লাগাব? তিনি বললেনঃ তাহলে তো তোমার চিন্তামুক্তির জন্য তা যথেষ্ট হয়ে যাবে আর তোমার গুনাহ মাফ করা হবে।