তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৬৫
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে (বাহরাইনের দিক) প্রেরণ করেন। পরে তিনি বাহরাইন থেকে মাল নিয়ে ফিরে আসেন। আনসারী সাহাবীরা আবূ উবায়দা রাদিয়াল্লাহু আনহ-এর আগমনের সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ফজরের সালাতে এসে শামিল হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর যখন ঘুরে বসলেন তখন তারা সবাই তাঁর সামনে এসে গেলেন। তাদের দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য হাসলেন। বললেনঃ আমার মনে হয় আবূ উবায়দা কিছু নিয়ে এসেছেন বলে তোমরা শুনেছ? তাঁরা বললেনঃ হ্যাঁ আল্লাহর রাসুল। তিনি বললেনঃ তোমরা খোশ খবরী গ্রহণ কর, তোমাদের যা আনন্দিত করবে এমন বিষয়ের আশা পোষণ কর। আমি তোমাদের দারিদ্রের আশা করি না। আমি তো আশংকা করি যে, তোমাদের পূর্ববর্তীতের জন্য যেমন দুনিয়া প্রশস্ত করে দেওয়া হয়েছিল তোমাদের জন্য তেমনি ভাবে দুনিয়া বিস্তৃত করে দেওয়া হবে। অনন্তর তারা যেমন এর প্রতিযোগীতায় মত্ত হয়েছিল তোমরাও সেভাবে এর প্রতিযোগীতায় মত্ত হবে। শেষে এ যেমন তাদের ধ্বংস করেছিল তেমনি তা তোমাদেরও ধ্বংস করবে।