তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৪৫
এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলঃ ইয়া রাসূলাল্লাহ্! জান্নাতে কি ঘোড়া থাকবে? তিনি বললেনঃ তোমাকে যদি আল্লাহ তা’আলা জান্নাতে দাখিল করেন তখন তুমি যদি চাও যে, তোমাকে একটি লাল রঙের ইয়াকুত দ্বারা নির্মিত ঘোড়ায় সওয়ার করিয়ে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে তা উড়ে বেড়াবে তবে অবশ্যই তা করতে পারবে। রাবী বলেন, অপর ব্যাক্তি জিজ্ঞাসা করলঃ ইয়া রাসূলাল্লাহ্! জান্নাতে কি উট থাকবে? বুরায়দা (রাঃ) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গী ব্যক্তিকে যে উত্তর দিয়েছিলেন এই ব্যক্তিকে সেইভাবে বলেননি। একে বললেনঃ আল্লাহ্ তা’আলা যদি তোমাকে জান্নাতে দাখিল করেন তবে সেখানে তোমার মন যা চায়, তোমার চোখে যা উপভোগ্য হবে সেই সবকিছুই তুমি পাবে। সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আবদুর রহমান ইবন সাবিত (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। এটি মাসঊদী (রহঃ) এর রিওয়ায়ত (উপরিউক্ত) অপেক্ষা অধিক সহীহ।