তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮৭৬
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি প্রতিনিধি দল এক অভিযানে প্রেরণ করেছিলেন। তারা সংখ্যায় ছিল কয়েক জন। তাদেরকে তিনি কুরআন পাঠ করতে বললেন। প্রত্যেকেই যে যা জানত তা পাঠ করে শোনাল। শেষে তিনি এদের মধ্যে সবচেয়ে কম বয়সী এক ব্যক্তির কাছে এলেন। বললেনঃ হে অমুক, তোমার কি আছে? সে বললঃ অমুক অমুক সূরা এবং সূরা বাকারা আমার জানা আছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃসূরা বাকারা তোমার মুখস্থ? লোকটি বললঃ জি হ্যাঁ। তিনি বললেনঃ যাও, তুমিই এ দলের আমীর। তখন এ দলের একজন নেতৃস্থানীয় লোক বললঃ আল্লাহর কসম, (রাতের সালাতে) তা পড়তে না পারার আশংকাই আমাকে এই সূরাটি শিখা থেকে বিরত রেখেছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা কুরআন শিক্ষা কর এবং তা পড়। কেননা, যে ব্যক্তি কুরআন শিখে, তা তিলাওয়াত করে এবং সালাতে দাঁড়িয়েও তা পড়ে তার জন্য কুরআনের দৃষ্টান্ত হল মিসকে ভর্তি চামড়ার একটি থলের মত। সর্বত্র তার সৌরভ প্রসারিত হয়। আর যে ব্যক্তি তা শিখে ঘুমিয়ে রয়েছে তার দৃষ্টান্ত হল মুখ বাঁধা মিসকের থলের মত।