তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯২৪
তিনি বলেন, আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহা-কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিতর সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে, তিনি কেমন করে বিতরের সালাত (নামায) আদায় করতেন? রাতের প্রথম ভাগে আদায় করতেন না শেষ ভাগে? তিনি বললেন, সব রকমেই তিনি তা করতেন। কখনও রাতের প্রথম ভাগে বিতর পড়ে নিতেন, আবার কখনও রাতের শেষ ভাগে। আমি বললামঃ আল্লাহর শোকর যে, তিনি এ ব্যাপরে সুযোগ রেখেছেন। আমি, বললামঃ তাঁর কিরআত কেমন ছিল? তিনি তা উচ্চঃস্বরে পঠ করতে না চুপি চুপি পাঠ করতেন? তিনি বললেনঃ সব রকমেই তিনি করতেন। কোন কোন সময় চুপি চুপি পাঠ করতেন আবার কোন কোন সময় উচ্চঃস্বরে পাঠ করতেন। আমি বললামঃ আল্লাহর শোকর যে, তিনি এ ব্যাপারে অবকাশ রেখেছেন। আমি বললামঃ জানাবাতের গোসলের ক্ষেত্রে কেমন করতেন? তিনি নিদ্রাগমনের পূর্বেই এই গোসল করে নিতেন, না গোসল না করেই ঘুমাতেন? তিনি বললেনঃ সব রকমেই তিনি করতেন। কোন কোন সময় গোসল করে ঘুমিয়েছেন আবার অনেক সময় কেবল উযু করেই ঘুমিয়েছেন। আমি বললামঃ আল্লাহর শোকর যে, তিনি এ ব্যাপারে অবকাশ রেখেছেন।