তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৪৪
তিনি বলেন, রাসূলু্ল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় আমি একবার হিশাম ইবন হাকীম ইবন হিযাম-এর পাশ দিয়ে যাচ্ছিলাম। তিনি তখন (সালাতে) সূরা আল-ফুরকান পড়ছিলেন। আমি তাঁর কিরাআত শুনলাম। কিন্তু তিনি এমন অনেক হরফ তাতে উচ্চারণ করছিলেন যা আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াননি। আমি সালাতর মাঝেই তাঁকে প্রায় হামলা করে বসছিলাম। যা হক, আমি অপেক্ষা করলাম যে পর্যন্ত না তিনি সালাম ফিরালেন। তিনি যখন সালাম ফিরালেন আমি তাঁর ঘাড়ে আমার চাদর পেঁচিয়ে ধরলাম। বললামঃ তোমাকে এখন যে সূরা পড়তে শুনলাম তা কে তোমাকে শিখিয়েছে? তিনি বললেনঃ আমাকে তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ই পড়িয়েছেন। আমি বললামঃ আল্লাহর কসম, তুমি মিথ্যা বলছ। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকেও এই সূরা পড়িয়েছেন, যে সূরাটি তুমি পড়েছ। আমি তাকে টানতে টানতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে গেলাম। বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি একে এমন কিছু শব্দে সূরা আল-ফুরকান পড়তে শুনেছি যেভাবে আপনি আমাকে পড়াননি। আপনিই তো আমাকে সূরা আল-ফুরকান শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ উমর, একে ছেড়ে দাও। হে হিশাম, তুমি পড়। তিনি সেভাবেই তা পড়লেন, যেভাবে আমি তাকে পড়তে শুনেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এভাবেই তা নাযিল হয়েছে। এরপর তিনি আমাকে বললেনঃ উমর, তুমি পড়। আমি সেভাবেই তা পড়লাম যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তা শিখিয়েছিলেন। তিনি বললেনঃ এভাবেই তা নাযিল হয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই কুরআন তো সাত হরফে নাযিল হয়েছে। সূতরাং যেভাবে তোমাদের জন্য সহজ হয় সেভাবে তোমরা তা থেকে পাঠ করো।