তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৮৭
তিনি বলেনঃ (وَلاَ تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ) তোমরা নিকৃষ্ট বস্তু দান করার ইচ্ছা করবে না। (২ঃ ২৬৭) আয়াতটি আমাদের আনসারী সম্প্রদায় সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আমরা ছিলাম খেজুর বাগানের মালিক। লোকেরা তাদের খেজুরের বাগান থেকে বেশি বা কম পরিমাণ হিসাবে নিয়ে আসত। কোন ব্যক্তি এক ছড়া বা দুই ছড়া নিয়ে আসত এবং তা মসজিদে ঝুলিয়ে রাখতো। সুফফাবাসী সাহাবীদের খাওয়ার কোন ব্যবস্থা ছিল না। তাদের কারো যখন ক্ষুধা লাগত, তখন তারা খেজুর ছড়ার কাছে এসে তার লাঠি দিয়ে তাতে আঘাত করত। এতে তা থেকে কাঁচা-পাকা খেজুর ঝরে পড়ত। আর তা খেয়ে নিত। কিন্তু যে সব লোকের ভাল কাজের প্রতি তেমন আগ্রহ ছিল না তাদের কেউ এমনও খেজুরের ছড়া নিয়ে আসত যার মধ্যে রদ্দী ও পঁচা খেজুর রয়েছে এবং ভেঙ্গে পড়া ছড়িও নিয়ে আসত এবং তা ঝুলিয়ে দিত। তখন আল্লাহ্ তা’আলা নাযিল করেনঃ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الأَرْضِ وَلاَ تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلاَّ أَنْ تُغْمِضُوا فِيهِ ’’হে মু’মিনগণ, তোমরা যা উপার্জন কর এবং আমি যা ভূমি থেকে তোমাদের জন্য উৎপাদন করে দেই তন্মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যায় কর এবং তা থেকে নিকৃষ্ট বস্তু ব্যায় করার ইচ্ছা করো না অথচ তোমরা তা গ্রহণ করবে না, যদি না চক্ষু এড়িয়ে রাখ (২ঃ ২৬৭)।’’ তিনি বলেন, অর্থাৎ তোমরা যা দান কর এই জাতীয় বস্তু যদি তোমাদের কাউকে হাদিয়া দেওয়া হয় তবে সে তা চক্ষু এড়িয়ে রেখে বা লজ্জায় পড়ে গ্রহণ ছাড়া হৃষ্ট চিত্তে তা গ্রহণ করবে না। বারা রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এরপর আমাদের প্রত্যেকেই তার নিকট যা আছে তার মধ্যে উত্তমটি নিয়ে আসত।