তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৩৫
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাজনান ও উসফানের মাঝে এক স্থানে যাত্রাবিরতি করেছিলেন। মুশরিকরা বললঃ এদের একটি সালাত (নামায) আছে যা তাদের কাছে তাদের পিতা-পিতামহ ও সন্তান-সন্ততি থেকে অধিক প্রিয়। তা হল সালাতুল আসর। তাই তোমরা (তোমাদের প্রস্তুতি সম্পন্ন করে) দৃঢ় সংকল্প হয়ে থাক। আর তখন এক হামলা চালিয়ে (তাদের শেষ করে) দিবে। জিবরীল (আঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন এবং তাঁর সঙ্গীদেরকে দুই ভাগে ভাগ করে তাদের নিয়ে সালাত (নামায) আদায় করতে নির্দেশ দিলেন। অপর দল অস্ত্রশস্ত্র এবং সতর্কতা রক্ষার উদ্দেশ্যে তাদের পেছনে থাকবে। এরপর অপর দলটি আসবে এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক রাকআত সালাত (নামায) আদায় করবে। প্রথম দলটি তাদের অস্ত্রশস্ত্র এবং সতর্কতা রক্ষা করবে। ফলে এদের জন্য হবে এক এক রাকআত করে আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হবে দুই রাকআত। আবদুল্লাহ্ ইবন শাকীক ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রিওয়ায়ত হিসাবে হাদীসটি হাসান-সহীহ-গারীব। এই বিষয়ে আবদুল্লাহ্ ইবন মাসঊদ, যায়দ ইবন ছাবিত, ইবন আব্বাস, জাবির, আবূ আয়্যাশ আয-যুরকী, ইবন উমর, হুযায়ফা, আবূ বকরা, সাহল ইবন হাছমা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ আয়্যাশ আয যুরাকী রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল যায়দ ইবন সামিত।