তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৬৩
তিনি বলেন, খায়বার থেকে ফেরার পথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাতে সফর করছিলেন। শেষে তাঁর ঘুম পেয়ে বসল। তিনি উট থামিয়ে বিশ্রামের জন্য অবতরণ করলেন। এরপর বললেনঃ হে বিলাল, আজকের রাতে তুমি আমাদের পাহরাদারী করবে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু (নফল) সালাত (নামায) আদায় করে পূর্ব আকাশমূখী হয়ে তার হাওদায় হেলান দিয়ে বসে রইলেন। এ সময় তাঁর দু’চোখে ঘুম প্রবল হয়ে আসে, এতে তিনি ঘুমিয়ে পড়েন। তাদের কেউ আর জাগলেন না। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন। এবং তিনি বললেনঃ হে বিলাল! বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার পিতা আপনার উপর কুরবান। আপনাকে যা পেয়েছিল আমাকেও তা পেয়েছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা উটগুলোকে হাঁকিয়ে নিয়ে চল। এরপর তিনি উট থামিয়ে নেমে উযূ করলেন এবং সালাতের ইকামত দিতে বললেন। পরে ধীর স্থিরভাবে ওয়াক্তের ভেতর যেমন সালাত (নামায) আদায় করেন তেমনিভাবে সালাত (নামায) আদায় করলেন। তারপর বললেনঃ أقِمِ الصَّلاَةَ لِذِكْرِي তুমি সালাত (নামায) কায়েম করবে আমার স্মরণে। [ত-হাঃ ১৪]