তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৪০
তিনি বলেন, এক ইয়াহূদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ইয়াহূদীটিকে বললেনঃ হে ইয়াহূদী, তোমাদের কথা বল। সে বললঃ হে আবুল কাসিম, যেদিন আল্লাহ্ তা’আলা আসমানসমূহ রাখবেন এতে, যমীনসমূহ রাখবেন এতে, পানি এতে, পাহাড় এতে, আর সব সৃষ্টি রাখবেন এতে সে বিষয়ে আপনি কি বলেন? রাবী আবূ জা’ফর মুহাম্মাদ ইবনুস সালত ’এতে’ বলে প্রথমবার কনিষ্ঠা অঙ্গুলীর দিকে ইশারা করেন এবং ক্রমে বৃদ্ধাঙ্গুলী পর্যন্ত যেয়ে পৌঁছান। এই প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা নাযিল করেনঃ (وما قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ) এরা আল্লাহর যথোচিত মর্যাদা প্রদর্শন করে না (যুমার ৩৯ঃ ৬৭)। হাদীসটি হাসান-গারীব-সহীহ। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ কুদায়না (রহঃ) এর নাম ইয়াহ্ইয়া ইবন মুহাল্লাব। মুহাম্মাদ ইবন ইসমাঈল বুখারী (রহঃ)-কে এই হাদীসটি হাসান ইবন শুজা’ ... মুহাম্মাদ ইবনুস সালত (রহঃ) সূত্রে বর্ণনা করতে দেখেছি।