তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৫৮
তিনি বলেনঃ আমি ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করেছিলাম। জিনদের সঙ্গে নবীজীর যেদিন সাক্ষাতকার হয় সেদিন আপনাদের কেউ কি তাঁর সঙ্গে ছিলেন? তিনি বললেনঃ না, আমাদের কেউ সেদিন তাঁর সঙ্গে ছিল না। মক্কা থাকাকালে একরাতে আমরা তাঁকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা ভাবছিলাম, তাঁকে গোপনে হত্যা করে ফেলেছে না কি? তাঁকে কোন জিনে উড়িয়ে নিয়েছে কি? কি হয়েছে তাঁর? সবচেয়ে অস্থির রাত আমরা কাটালাম। শেষে যখন ভোর হয়ে এল বা ঊষার মুখে হঠাৎ আমরা তাঁকে পেলাম। তিনি হেরার দিক থেকে আসছেন। তাঁরা (সাহাবীরা) তাঁকে তারা যে দুশ্চিন্তায় ছিলেন তা বললেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জিনদের পক্ষ থেকে একজন আমন্ত্রণকারী আমার কাছে এসেছিল। এরপর আমি তাদের কাছে পৌঁছলাম এবং তাদেরকে কুরআন পাঠ করে শুনালাম। ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর নবীজী আমাদের নিয়ে চললেন এবং তাদের চিহ্ন ও তাদের আগুনের চিহ্ন আমাদের দেখালেন। শা’বী (রহঃ) বলেনঃ এরা ছিল জাযীরা অঞ্চলের জিন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খাদ্যের দরখাস্ত জানায়। তিনি বললেনঃ যে হাড্ডি (আহারের সময়) বিসমিল্লাহ্ বলে আহার করা হবে তা তোমাদের হাতে আরো অধিক গোশত পূর্ণ হয়ে আসবে। আর উটের বিষ্ঠা বা গোবর তোমাদের পশু খাদ্য রূপে পাবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা হাড্ডি ও বিষ্ঠা দিয়ে ইস্তিঞ্জা করবে না। কারণ এ দু’টো হল তোমাদের ভাই জিনদের খাদ্য।