তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৬০০
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষের আমলনামা যারা লেখেন সেই সব ফিরিশতা ছাড়াও আল্লাহ তা’আলার একদল বিচরণকারী ফিরিশতা রয়েছে। তাঁরা যখন এমন সম্প্রদয় পান যারা আল্লাহর যিকর করছে তখন একজন আরেকজনকে ডাকেনঃ তোমাদের অভীষ্ট লক্ষের পানে দৌড়ে আস। তখন তাঁরা চলে আসেন এবং দুনিয়ার আসমান পর্যন্ত এদেরকে বেষ্টন করে রাখেন। এরপর যখন তারা আল্লাহর দরবারে ফিরে যান তখন, আল্লাহ তা’আলা বলেনঃ আমার বান্দাকে কি কি কর্মরত অবস্থায় ছেড়ে এসেছ? তারা বলেনঃ আমরা তাদের আপনার হামদ করতে, মহত্ব বর্ণনা করতে এবং যিকর করার অবস্থায় ছেড়ে এসেছি। আল্লাহ তা’আলা বলেনঃ তারা আমাকে দেখেছে কি? তারা বলেনঃ না। আল্লাহ বলেনঃ যদি আমাকে তারা দেখত তবে কেমন করত? তারা বলেনঃ তারা যদি আপনাকে দেখত তবে আরো বেশী হামদ, আরো বাশী মহত্ব, আরো বেশী যিকর করত। আল্লাহ বলেনঃ তারা কি চায়? তারা বলেনঃ এরা জান্নাত চায়। আল্লাহ বলেনঃ তারা কি জান্নাত দেখেছে? তারা বলেনঃ না। আল্লাহ বলেনঃ তা যদি দেখত তবে তারা কি করত? তারা বলেনঃ যদি তারা তা দেখত তবে অবশ্যই তারা এর জন্য আরো বেশী আগ্রহী হয়ে উঠত, আরো বেশী তা তালাশ করত। আল্লাহ বলেনঃ তারা কি জিনিস থেকে পানাহ চায়? তারা বলেনঃ তারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ বলেনঃ তারা কি তা দেখেছে? তারা বলেনঃ না। আল্লাহ বলেনঃ তা যদি দেখত তবে তারা কেমন করত? তারা বলেনঃ যদি তারা তা দেখত তবে তা থেকে আরো বেশী দূরে সরে থকত, আরো বেশী ভয় করত এবং আরো বাশী তা থেকে পানাহ চাইত। আল্লাহ বলেনঃ আমি তোমাদের সাক্ষী রাখছি যে, আমি তাদের ক্ষমা করে দিলাম। ফিরিশতারা বলেনঃ এদের মাঝে অমুক এক গুনাহগার রয়েছে। এরা যে উদ্দেশ্যে মজলিশে এসেছে, সে উদ্দেশ্যে সে সেখানে আসেনি। সেতো অন্য কোন প্রয়োজনে তাদের কাছে এসেছিল। আল্লাহ বলেনঃ এরতা এমন এক সম্প্রদায় যে, তাদের সাথে উপবেশনকারী কেই বঞ্চিত হয় না।