তিরমিযী শরীফ - হাদীস নং ৪০৪
তিনি বলেনঃ আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে সালাত (নামায/নামাজ) আদায় করছিলাম। তখন আমার হাঁচি এল। আমি বললামঃ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى ’’সকল তারীফ আল্লাহর। তাঁরই জন্য অগণিত প্রশংসা। পবিত্রতা তাঁরই। পরম বরকতময় তিনি। আমার রব যতটুকু হামদ পছন্দ করেন, যতটুকুতে তিনি সন্তুষ্ট, তত হামদ তাঁরই।’’ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসালাত (নামায/নামাজ) শেষে ফিরে বললেনঃ সালাতে কে কথা বলছিল? কিন্তু কেউ উত্তর দিলেন না। দ্বিতীয়বার তিনি বললেনঃ সালাতে কে কথা বলছিল? কিন্তু কেউ উত্তর দিলেন না। পরে তৃতীয়বার তিনি বললেনঃ সালাতে কে কথা বলছিল? তখন রিফাআ ইবনু রাফি ইবনু আফরা বললেনঃ হে আল্লাহর রাসূল! আমি কথা বলছিলাম। তিনি বললেনঃ কি বলছিলে? তিনি বললেন, আমি বলছিলামঃ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সেই সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ, ত্রিশেরও অধিক ফেরেশতা দৌড়ে এসেছেন কে আগে এর সওয়াব উঠিয়ে নিতে পারন।