তিরমিযী শরীফ - হাদীস নং ৬১৯
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা-যাকাত সম্পর্কিত একটি পত্র তৈরী করেন এবং সেটি তলোয়ারের সাথে মিলিয়ে সংরক্ষিত করে রাখেন। ইন্তেকাল পর্যন্ত আর তিনি তা বের করে আনেননি। যাকাত সংগ্রহকারী কর্মকর্তাদের জন্য সেটি প্রেরণ করতে পারেননি। তাঁর ইন্তেকালের পর আবূ বকর (রাঃ) ও তাঁর মৃত্যু পর্যন্ত এবং উমার (রাঃ) ও তাঁর মৃত্যু পর্যন্ত এতদ্ অনুসারে আমল করেছেন। এতে ছিল, উটের ক্ষেত্রে পাঁচটিতে একটি, দশটিতে দু’টি, পনেরটিতে তিনটি, বিশটিতে চারটি ছাগল (যাকাত হিসাবে দিতে হয়)। পঁচিশটি থেকে পয়ত্রিশটি পর্যন্ত উটে একটি বিনত মাখায অর্থাৎ পূর্ণ এক বছর বছসের মাদি উট; এর উর্ধ্বে পয়তাল্লিশটি পর্যন্ত একটি বিনত লাবুন অর্থাৎ পূর্ণ দু’বছর বয়সের মাদি উট; এর উর্ধ্বে ষাটটি পর্যন্ত একটি হিক্কা অর্থাৎ পূর্ণ তিন ব ছর বয়সের মাদি উট; এর উর্ধ্বে পঁচাত্তর পর্যন্ত একটি জায়আ’ অর্থাৎ পূর্ণ চার বছর বয়সের একটি মাদি উট (যাকাত হিসাবে দিতে হবে) উটের সংখ্যা আরো বেশী হলে নব্বইটি পর্যন্ত দুটি বিনত লাবূন, আরো বেশি হলে একশ বিশ পর্যন্ত দুটো হিক্কা; আর একশ বিশের উর্ধ্বে প্রতি পঞ্চাশে একটি হিক্কা এবং প্রতি চল্লিশে একটি করে বিনত লাবূন ধার্য হবে। ছাগলের ক্ষেত্রে একশ বিশটি পর্যন্ত প্রতি চল্লিশটিতে একটি করে ছাগল প্রদান করতে হবে। এর বেশী হলে দুশ পর্যন্ত দুটো ছাগল। এর বেশী হলে তিনশটি পর্যন্ত তিনটি ছাগল। এর বেশী হলে প্রতি একশটিতে একটি করে ছাগল ধার্য হবে এবং চারশ না হওয়া পর্যন্ত এতে (নতুন) ধার্য হবে না। যাকাতের আশংকায় (বিভিন্ন মালিকানায়) বিচ্ছিন্ন পশুগুলিকে (এক মালিকানাভুক্ত করে) এ একত্রিত করা যাবে না এবং একত্রিতগুলোকে বিছিন্ন করা যাবে না। দুই শরীকের পশুগুলো (যদি একত্রে) থাকে (আর একজন তা দিয়ে দেয় তবে) অতিরিক্ত অংশ পরস্পর থেকে সমানভাবে ফিরিয়ে নিয়ে আনবে। যাকাতে অতিবৃদ্ধ বা ত্রুটিযুক্ত পশু গ্রহণ করা যাবে না।