আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৭২
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ডাকলেন। তখন তাঁরা বদর প্রান্তরের দিকে রওয়ানা হলেন। পথিমধ্যে হঠাৎ তারা কুরাইশদের জন্য পানি বহনকারী উটের সন্ধান লাভ করলেন, যার পিঠে আবূ হাজ্জাজ গোত্রের একজন কৃষ্ণকায় গোলাম বসা ছিল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করে দেন যে, ’’বল, আবূ সুফিয়ান কোথায়?' তখন সে বললঃ আল্লাহ শপথ! আমি তার ব্যাপারে কিছুই জানি না। কিন্তু এই হলো কুরাইশ বাহিনী, যাতে আবূ জাহল, ’উতবা, শায়বা ইবন রাবী’আর দুই ছেলে এবং উমাইয়া ইবন খালফ উপস্থিত আছে। যখন সে তাঁদের নিকট এরূপ বললঃ তাঁরা তাকে মারপিট করল। তখন সে বললঃ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও; আমি তোমাদেরকে আসল খবর দেব। এরপর যখন তাঁরা তাকে ছেড়ে দিল, তখন সে বললঃ আল্লাহ শপথ! আমি আবূ সুফিয়ান সম্পর্কে কোন খবর রাখি না বরং এই হলো কুরাইশ বাহিনী, যাতে আবূ জাহল, ’উতবা, শায়বা ইবন রাবী’আর দুই ছেলে এবং উমাইয়া ইবন খালফ উপস্থিত আছে। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন। কিন্তু তিনি ঐসব শুনছিলেন। এরপর সালাত আদায় শেষে বললেনঃ ঐ যাত-পাকের কসম, যার হাতে আমার জান! তোমরা তাকে তখন মারধর করছ, যখন সে তোমাদের নিকট সত্য কথা বলছে। আর যখন সে মিথ্যা কথা বলছে, তখন তোমরা তাকে ছেড়ে দিচ্ছ। এই কুরাইশরা তো আবূ সুফিয়ানের (কাফিলা) রক্ষার জন্য এসেছে। আনাস (রাঃ) আরো বলেন, (বদর যুদ্ধের আগের দিন) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আগামী দিন এ হলো অমুক ব্যক্তি নিহত হওয়ার জায়গা এবং তিনি তাঁর হাত যমীনের উপর রাখেন। এ হলো অমুক ব্যক্তি নিহত হওয়ার স্থান এবং তিনি তাঁর হাত যমীনের উপর রাখেন। রাবী (আনাস (রাঃ) বলেনঃ ঐ যাত-পাকের কসম, যাঁর হাতে আমার জীবন। কোন কাফির নিহত হওয়ার ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়নি, যা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে হাত রেখে নির্দেশ করেছিলেন রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে এরূপ নির্দেশ দিয়েছিলেন যে, ’ওদের পা ধরে টেনে-হিঁচড়ে বদরের পার্শ্ববর্তী কুপের মাঝে ফেলে দাও।’