আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৮৪
তঁরা বলেন, হাওয়াযিন গোত্রের লোকেরা ইসলাম গ্রহণের পর যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে তাদের ধন-সম্পদ ফেরত চায়, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা যা চাচ্ছ তা আমার কাছে মওজুদ আছে। সত্যকথা আমার নিকট খুব প্রিয়। তোমরা সিদ্ধান্ত নাও, হয় তোমরা তোমাদের বন্দীদের ফিনিয়ে নাও, নয় তোমাদের ধন-সম্পদ। তখন তারা বললঃ আমরা আমাদের বন্দীদের ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান এবং আল্লাহ্র প্রশংসা করেন। এরপর বলেনঃ ’’এরপর তোমাদের এ ভাইয়েরা তওবা করে তোমাদের কাছে এসেছে। আর আমি এ ভাল মনে করছি যে, তাদের বন্দীদের তাদের হাতে ফিরিয়ে দেব। আর তোমাদের মাঝে যে একে ভাল মনে করবে, সে এরূপ করবে, আর তোমাদের মাঝে কেউ যদি তার হিসসা পাওয়ার জন্য যিদ কর, তবে আমি তাকে গণীমতের মাল হতে একটা অংশ দেব, আর এটা আল্লাহ্ প্রদত্ত বিশেষ দান, যা তিনি আমাদের দান করেছেন। তখন সাহাবীরা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা তাদের কয়েদীদের মুক্তি দিতে রাযী আছি। সে সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদের বললেনঃ আমি বুঝতে পারিনি এ ব্যাপারে তোমরা কারা রাযী আছ এবং কারা রাযী নও। তোমরা ফিরে যাও এবং তোমাদের নেতাদের সাথে কথাবার্তা বলার পর তারা যেন এ ব্যাপারে আমার সাথে কথা বলে। তখন লোকেরা তাদের নেতাদের সাথে মতবিনিময় করল এবং পরে তারা বলল যে, তারা কয়েদীদের ফিরিয়ে দিতে রাযী আছে এবং এ ব্যাপারে তারা তাদের অনুমতি দিচ্ছে।