Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৪৭৪

প্রায় ২ মিনিট · ২১৭ শব্দ

আবূ নু’আইম (রহঃ) ... আবূ শিহাব (রহঃ) থেকে বর্ণনা করে বলেন, আমি ’উমরার ইহ্‌রাম বেঁধে হাজ্জে তামাত্তু’র নিয়্যতে তারবিয়্যা দিবস (আট তারিখ) এর তিন দিন পূর্বে মক্কায় প্রবেশ করলাম, মক্কাবাসী কিছু লোক আমাকে বললেন, এখন তোমার হাজ্জের (হজ্জ) কাজ মক্কা থেকে শুরু হবে। আমি বিষয়টি জানার জন্য ’আতা (রহঃ) এর নিকট উপস্থিত হলাম। তিনি বললেন, জাবির ইবনু ’আবদুল্লাহ (রাঃ) আমাকে বলেছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর উট সঙ্গে নিয়ে হাজ্জে আসেন তখন তাঁর সঙ্গে ছিলেন। সাহাবীগণ ইফরাদ হাজ্জ (হজ্জ) এর নিয়্যাতে শুধু হাজ্জের ইহরাম বাঁধেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মক্কায় পৌঁছে) তাদেরকে বললেনঃ বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা-মারওয়ার সা’য়ী সমাধা করে তোমরা ইহ্‌রাম ভঙ্গ করে হালাল হয়ে যাও এবং চুল ছোট কর। এরপর হালাল অবস্থায় থাক। যখন যিলহাজ্জ মাসের আট তারিখ হবে তখন তোমরা হাজ্জ (হজ্জ) এর ইহ্‌রাম বেঁধে নিবে, আর যে ইহ্‌রাম বেঁধে এসেছ তা তামাত্তু’ হাজ্জের ’উমরা বানিয়ে নিবে। সাহাবীগণ বললেন, এই ইহরামকে আমরা কিরূপে ’উমরার ইহরাম বানাব? আমরা হাজ্জ (হজ্জ) এর নাম নিয়ে ইহ্‌রাম বেঁধেছি। তখন তিনি বললেনঃ আমি তোমাদেরকে যা আদেশ করেছি তাই কর। কুরবানীর পশু সঙ্গে নিয়ে না আসলে তোমাদেরকে যা করতে বলছি, আমিও সেরূপ করতাম। কিন্তু কুরবানী করার পূর্বে (ইহরামের কারণে) নিষিদ্ধ কাজ (আমার জন্য) হালাল নয়। সাহাবীগণ সেরূপ পশু যবেহ করলেন। আবূ আবদুল্লাহ‌ (ইমাম বুখারী) (রহঃ) বলেন, আবূ শিহাব (রহঃ) থেকে মারফূ’ বর্ণনা মাত্র এই একটিই পাওয়া যায়।

ছবি বানান