মুসলিম শরীফ - হাদীস নং ২,৬১২
তিনি বলেন, আমাকে আবূল মালীহ (রহঃ) অবহিত করেছেনঃ তিনি বলেছেন, আমি তোমার পিতার সাথে আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) এর কাছে গেলাম। তিনি আমাদের নিকট বললেন, যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আমার সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) সম্পর্কে উল্লেখ করা হলে তিনি আমার কাছে এলেন। আমি তাঁর জন্য একটি চামড়ার তাকিয়া পেতে দিলাম। যাতে খেজুরগাছের আঁশ ভর্তি ছিল। তিনি মাটির উপর বসে গেলেন এবং তাকিয়াটি তাঁর ও আমার মাঝে পড়ে থাকল। তিনি আমাকে বললেন প্রতি মাসে তিন দিন সাওম পালন করা কি তোমার জন্য যথেষ্ট নয়? আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ (আমি এর অধিক সাওম পালন করতে সক্ষম)! তিনি বললেন, তাহলে পাঁচদিন। আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ (আমি এর চেয়ে বেশি সামর্থ্য রাখি)! তিনি বললেন, তাহলে সাত দিন? আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! (আমি এর অধিক সামর্থ্য রাখি।) তিনি বললেন, তাহলে নয় দিন! আমি বললাম। ইয়া রাসুলাল্লাহ (আমি এর অধিক সামর্থ্য রাখি)। তিনি বললেন, তাহলে এগার দিন। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! (আমি এর অধিক সামর্থ্য রাখি)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউদ (আলাইহিস সালাম) এর সাওমের উপর কোন সাওম নেই। তিনি বছরের অর্ধেক অর্থাৎ একদিন যদি এ সাওম পালন করতেন, আরেক দিন বাদ দিতেন।