মুসলিম শরীফ - হাদীস নং ২,৬৭১
যুহায়র ইবনু হারব, আবদ ইবনু হুমায়দ ও আলী ইবনু খাশরম (রহঃ) ... ইয়ালা ইবনু উমায়্যা (রাঃ) উমর ইবনুল খাত্তাব (রাঃ) কে বলতেন, আহা! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন ওহী নাযিল হয়, আমি যদি সেই অবস্থায় তাঁকে দেখতে পেতাম! একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানায় অবস্থান করছিলেন এবং একটি কাপড়ের সাহায্যে তাঁর উপর ছায়া বিস্তার করা হয়েছিল। তার সংগে তার কিছু সংখ্যক সাহাবীও ছিলেন যাদের মধ্যে উমর (রাঃ)-ও ছিলেন। এই সময় এক ব্যাক্তি সুগন্ধিযুক্ত জুব্বা পরিহিত অবস্থায় তাঁর নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসুল! এক ব্যাক্তি জুব্বায় সুগন্ধি মেখে তা পরিহিত অবস্থায় উমরার ইহরাম বেঁধেছে, তার সম্পর্কে আপনার কি অভিমত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, অতঃপর নীরব রইলেন। এই সময় তার উপর ওহী আসল। উমর (রাঃ) হাতের ইশারায় ইয়ালা ইবনু উমায়্যা (রাঃ) কে বললেন, এদিকে আস। ইয়ালা (রাঃ) এসে নিজের মাথা (কাপড়ের মধ্যে) চুকিয়ে দিলেন (এবং দেখলেন) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা লাল বর্ণ ধারণ করেছে এবং তার মুখ দইয়ে আওয়াজ বের হচ্ছে। অতঃপর এই অবস্থা দূরীভূত হল এবং তিনি বললেন, এইমাত্র যে ব্যাক্তি আমার নিকট উমরা সম্পর্কে জিজ্ঞাসা করছিল, সে কোথায়? লোকটিকে খুঁজে এনে তাঁর নিকট উপস্থিত করা হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সুগন্ধি তিনবার ধুয়ে ফেল এবং জুব্বা খূলে ফেল। অতঃপর যে নিয়মে হাজ্জ কর, ঠিক সেই নিয়মে উমরা কর।