মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৭৯
ইসহাক ইবনু মানসূর আবদুর রহমান (ইবনু মাহদী) হতে, তিনি সুফইয়ান হতে এবং আবূ বকর ইবনু আবূ জাহম (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি ফাতিমা বিনত কায়সকে বলতে শুনেছি যে, আমার স্বামী আবূ আমর হাফস ইবনু মুগীরা (রাঃ) আয়্যান ইবনু আবূ রাবী’আকে আমার নিকটে আমাকে তালাক দেওয়ার সংবাদ দিয়ে পাঠান। তিনি তার সাথে আমার খোরপোষের জন্য পাঁচ সা’ (এক সা’ সাড়ে তিন কেজির সমান) খেজুর এবং পাঁচ সা’ যব পাঠিয়ে দেন। তখন আমি তাকে বললাম, আমার জন্য কি খোরপোষ এই পরিমাণ? আমি তোমাদের ঘরে ইদ্দত পালন করব না? তিনি (আয়্যাশ) বললেন, না। তিনি (ফাতিমা) বললেন, আমি তখন কাপড় চোপড় পরিধান করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম। তিনি আমাকে বললেন, সে তোমাকে কত তালাক দিয়েছে? আমি বললাম, তিন তালাক। তিনি বললেন, সে (আয়্যাশ) ঠিকই বলেছে। তোমার জন্য কোন খোরপোষ নেই। তুমি তোমার চাচাতো ভাই ইবনু উম্মু মাকতুমের ঘরে গিয়ে ইদ্দত পালন কর। সে একজন অন্ধ মানুষ। তুমি প্রয়োজনবোধে তার কাছে কাপড় চোপড় খুলে রাখতে পারবে। এরপর তোমার ইদ্দত পূর্ণ হলে তুমি আমাকে জানাবে। তিনি (ফাতিম বিনত কায়স (রাঃ) বলেন, আমার ইদ্দতকাল অতিবাহিত হলে বেশ কয়েকজন লোক আমার কাছে বিয়ের পায়গাম পাঠালেন। তার মধ্যে মুআবিয়া ও আবূ জাহমও ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মুআবিয়া তো একজন গরীব মানুষ, নগণ্য সম্পদের অধিকারী আর আবূ জাহম তো নারীদের প্রতি কঠোর (অথবা বলেন) সে স্ত্রীদের পেটায় অথবা এরূপ কিছু বললেন। তবে উসামা ইবনু যায়িদকেই গ্রহণ কর তোমার জন্য উচিত হবে।