মুসলিম শরীফ - হাদীস নং ৪,৫৮৮
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযদ গোত্রের এক ব্যক্তিকে বনূ সূলাইম গোত্রের সাদাকা উসূল করার জন্য কর্মচারী নিযুক্ত করেন। লোকটিকে ইবনু উৎবিয়া বলে ডাকা হতো। যখন সে (কাজ সম্পাদন করে) আসলো, তখন তিনি তার হিসাব-নিকাশ চাইলেন। সে বলছেন এগুলো হচ্ছে আপনাদের মাল আর ওটা (আমাকে প্রদত্ত) উপটোকন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তোমার পিতামাতার ঘরে বসে থাকলে না কেন? তোমার উপটোকন এসে পৌছে যেতো। যদি তুমি সত্যবাদী হও। তারপর আমাদেরকে লক্ষ্য করে খুৎবা দিলেন। তাতে আল্লাহর প্রশংসা করে বললেনঃ আমি তোমাদের মধ্যকার এক ব্যক্তিকে কোন কাজে নিযুক্ত করি যার দায়িত্ব আল্লাহ আমার অর্পণ করেছেন। তারপর সে (কর্ম সম্পাদন করে) এসে বলে, এটা আপনাদের মাল আর এটা আমাকে উপঢৌকন স্বরূপ দেয়া হয়েছে। সে কেন তার পিতামাতার ঘরে বসে রইলো না। দেখত তার উপটোকন সেখানে তার কাছে এসে পৌছে কিনা? যদি সে সত্যবাদী হয়ে থাকে। আল্লাহর কসম! তোমাদের মধ্যকার যে কেউ তার প্রাপ্য ব্যতিরেকে সে সব সম্পদের অংশবিশেষও হস্তগত করবে, কিয়ামতের দিন সে তা বহন করে, আল্লাহ তায়াআলার সমীপে উপস্থিত হবে। তোমাদের মধ্যকার যে কেউ চিৎকাররত উট, গাভী বা বকরী বহন করে আল্লাহর সমীপে উপস্থিত হবে, আমি তাকে সম্যক চিনতে পারবো। তারপর তিনি দু’হাত এমনিভাবে ঊর্ধ্বে তুললেন যে তাঁর বগলদ্বয়ের শুভ্রতা দেখা গেল। তিনি বলছিলেনঃ হে আল্লাহ! আমি কি (তোমার নির্দেশ) পৌছিয়ে দিয়েছি! (রাবী বলেন, (সে দৃশ্যটি) আমার চোখ দেখেছে এবং সে বক্তব্য আমার কান শুনেছে।