তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৭৯
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে একদিন মসজিদে বসা ছিলাম। এমন সময় মুসআব ইবন উমায়র এলেন। তাঁর গাঁয়ে চামড়ার তালি লাগানো একটি চাদর ছাড়া কিছুই ছিল না। তিনি একদিন যে সুখ-স্বাচ্ছন্দ্যের জীবনে ছিলেন আর বর্তমানে যে অবস্থায় তিনি রয়েছেন সে জন্য তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। তারপর তিনি বললেনঃ সেদিন কেমন হবে যেদিন তোমাদের একজন সকালে এক জোড়া কাপড় পরবে এবং বিকালে পরবে আরেক জোড়া, তার সামনে (খাদ্যের) একটা পেয়ালা রাখা হবে আরেকটি তোলা হবে। কা’বা ঘরকে যেভাবে গিলাফ দিয়ে আবৃত রাখা হয় সে ভাবে তোমরা তোমাদের ঘর আবৃত করবে। সাহাবীরা বললেনঃ ইয়া রাসূলুল্লাহ! আজকের তুলনায় সে দিন আমরা ভাল থাকব। কারণ আমরা ইবাদতের জন্য অবসর পাব এবং জীবিকার চিন্তা থেকে মুক্ত থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ না, সে দিনের তুলনায় তোমরা আজ অনেক ভাল আছ।