তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৯৮
তিনি বলেন, এক-দুইবার বা পাঁচ-সাত বার নয় বরং এর চেয়েও বেশীবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, বানূ ইসরাঈলের কিফল নামে এক ব্যক্তি ছিল। সে কোনরূপ গুনাহের কাজকে ছাড়তো না। একবার এক মহিলা (অভাবে পড়ে) তার কাছে এলে সে ব্যভিচারের শর্তে তাকে ষাট দীনার (স্বর্ণমুদ্রা) দেয়। সে যখন ঐ মহিলার সঙ্গে বদকাজ করতে উদ্যত হল তখন মহিলাটি (আল্লাহর ভয়ে) প্রকম্পিত হয়ে কেঁদে ফেলল। লোকটি বললঃ কাঁদছ কেন? তোমাকে কি আমি যবরদস্তি করছি? মহিলাটি বললঃ না, তবে এ গুনাহর কাজ আমি কখনো করিনি। আচ কেবল অভাবের তাড়নায় এতে বাধ্য হচ্ছি। লোকটি বললঃ অভাবের তাড়নায় পড়েই তুমি এসেছ অথচ তা কখনো করনি? যাও, তোমাকে ছেড়ে দিলাম। দীনারগুলোও তোমারই। সে আরো বললঃ আল্লাহর কসমঃ এরপর আর আমি কখনও আল্লাহর নাফরমানী করব না। পরে এ রাতে বিফল মারা যায়। সকালে তার ঘরের দরজায় লেখা ছিল, ’’আল্লাহ তা’আলা বিফলকে মাফ করে দিয়েছেন।’’