Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৫৯

প্রায় ৪ মিনিট · ৪৭৫ শব্দ

তিনি বলেনঃ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ) হে মুমিনগণ! তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসীয়ত করার সময় তোমাদের মধ্যে সাক্ষী রাখবে ন্যায়নিষ্ঠ দুই জন (৫ঃ ১০৬) আয়াত প্রসঙ্গে তামীমে দারী রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এ ক্ষেত্রে আমি এবং আদী ইবন বাদদা ছাড়া অন্য কারো উপর এ আয়াত প্রযোজ্য নয়। এরা (তামীম ও আদী) উভয়েই ছিলেন খৃষ্টান। ইসলামের পূর্বে তারা সিরিয়ায় ব্যবসার জন্য যাতায়াত করতেন। একবার তারা ব্যবসা উপলক্ষে সিরিয়া গেলেন। বুদায়ল ইবন আবূ মারইয়াম নামক বানু সাহমের এক জন আযাদকৃত দাস তাদের কাছে তেজারতির (ব্যবসার) উদ্দেশ্যে এলেন। তাঁর সাথে রূপার একটি পান পাত্র ছিল। তিনি এটি বাদশাহর (নিকট বিক্রির) উদ্দেশ্যে এনেছিলেন। এটিই ছিল তাঁর তেজারতির সর্বোৎকৃষ্ট বস্ত। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি তখন তাদের কাছে ওসীয়ত করেন এবং (তাঁর মৃত্যু হলে) তাঁর রেখে যাওয়া মালপত্র তার পরিবার-পরিজনের কাছে পৌঁছে দিতে উভয়কে অনুরোধ জানান। তামীম রাদিয়াল্লাহু আনহু বলেনঃ তিনি মারা গেলে আমরা পানপাত্রটি নিয়ে গিয়ে এক হাজার দিরহামে বিক্রি করে আমি ও আদী ইবন বাদ্দা দুই জনে তা ভাগ করে নিলাম। পরে আমরা যখন তাঁর পরিজনের নিকট ফিরে এলাম, তখন আমাদের নিকট রক্ষিত জিনিসপত্র তাদেরকে বুঝিয়ে দিলাম। কিন্তু তারা ঐ পানপাত্রটি না পেয়ে এই বিষয়ে আমাদের কাছে জানতে চাইল। আমরা বললামঃ যা দিয়েছি তা ছাড়া তিনি আর কিছু রেখে যান নি এবং তা ছাড়া আমাদের কাছেও তিনি অন্য কিছু রেখে যান নি। তামীম রাদিয়াল্লাহু আনহ বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মদীনা আগমনের পর যখন আমি ইসলাম গ্রহণ করি তখন ঐ অপরাধ থেকে মুক্তির চিন্তা করে তাঁর পরিবারের লোকদের কাছে আসি এবং মূল ব্যাপারটি তাদের জানাই। তাদেরকে পাঁচশত দিরহাম ফেরত দেই আর বলি যে, আমার সঙ্গীর কাছেও এ পরিবাণ রয়েছে, তারা তখন বিষয়টি নিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এল। তিনি তাদের কাছে প্রমাণ তলব করলেন। তারা কোন সাক্ষী পেল না। তিনি তখন তাদের ধর্মের যে বিষয়ের কসম খেলে গুরুত্ব হয় সে বিষয়ের মাধ্যমে আদীকে কসম দিতে ঐ পরিবারের লোকদের নির্দেশ দিলেন। অতঃপর আদী (নিজেকে নিরপরাধ বলে) কসম খায়। এতদপ্রেক্ষিতে আল্লাহ্ তা’আলা এই আয়াত নাযিল করেনঃ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ إِلَى قَوْلِهِ : أَوْ يَخَافُوا أَنْ تُرَدَّ أَيْمَانٌ بَعْدَ أَيْمَانِهِمْ এরপর আমার ইবন আস রাদিয়াল্লাহু আনহু এবং অন্য একজন ব্যক্তি সাক্ষ্য দিতে উঠলেন। শেষে আদী ইবন বাদদা থেকে পাঁচশ দিরহাম উসুল করা হল। (আবু ঈসা বলেন) হাদীসটি গারীব। এর সনদ বিশুদ্ধ নয়। যে আবুন নাযর-এর সূত্রে মুহাম্মাদ ইবন ইসহাক এই হাদীসটি বর্ণনা করেছেন আমার মতে তিনি হলেন মুহাম্মাদ ইবনুস সাইব কালবী। তাঁর কুনিয়াত হল আবুন নাযর। হাদীস বিশেজ্ঞগণ তাঁকে পরিত্যাগ করেছেন। তাঁর তাফসীরের একটি গ্রন্থও আছে। মুহাম্মাদ ইবন ইসমাঈল বুখারী (রহঃ)-কে বলতে শুনেছিঃ মুাহাম্মাদ ইবন সাইব কালবীর কুনিয়াত হল আবুন নাযর। উম্মু হানী রাদিয়াল্লাহু আনহা-এর মাওলা আবূ সালিহ (রহঃ) সূত্রে সালিম আবুন নাযর মাদীনীর কোন রিওয়ায়ত আছে বলে আমাদের জানা নেই। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সংক্ষিপ্তভাবে এই বিষয়ে অন্য সূত্রেও হাদীস বর্ণিত আছে।

ছবি বানান