Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৪৮

প্রায় ৩ মিনিট · ৩৬১ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন আমিই হব বনী আদমের সরদার। এতে কোন অহংকার নেই; আমার হাতেই থাকবে হামদের পতাকা, এতে কোন অহংকার নেই; আদম এবং অন্যান্য সকল নবীই ঐ দিন আমার পতাকার নিচে থাকবেন। আমিই প্রথম ব্যক্তি যিনি মাটি বিদীর্ণ করে উঠবে, এতে কোন অহংকার নেই। ঐ দিন মানুষ তিনবার ভীষন ভীতিকর অবস্থায় পড়বে। তারা আদম (আঃ)-এর কাছে আসবে আর বলবেঃ আপনি আমাদের আদি পিতা আদম, আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট সুপারিশ করুন। তিনি বলবেনঃ আমি তো একটা ভূল করেছিলাম, যদ্দরুন আমাকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল। বরং তোমরা নূহ (আঃ)-এর কাছে যাও। তারা নূহ (আঃ)-এর কাছে আসবে। তিনি বলবেনঃ আমি তো পৃথিবীতে একটি দু’আ করেছিলাম। এতে তারা ধ্বংস হয়েছে। তোমরা বরং ইবরাহীম (আঃ)-এর কাছে যাও। তারা ইবরাহীম (আঃ)-এর কাছে আসবে। তিনি বলবেনঃ আমি তো তিনটি অসত্য কথা বলেছিলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূলত এর একটিও মিথ্যা ছিল না। আসলে আল্লাহর দীনের পক্ষে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবেই তিনি তা করেছিলেন। যা হোক, তিনি বলবেনঃ তোমরা বরং মূসা (আঃ)-এর কাছে যাও। তারা মূসা (আঃ)-এর কাছে আসবে। তিনি বলবেনঃ আমি তো একজনকে হত্যা করে ফেলেছিলাম। তোমরা বরং ঈসা (আঃ)-এর কাছে যাও। তারা ঈসা (আঃ)-এর কাছে আসবে তিনি বলবেনঃ আল্লাহকে ছেড়ে আমাকে উপসনা করা হয়েছে। তোমরা বরং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাও। এরপর তারা আমার কাছে আসবে। আমি তাদের সঙ্গে চলব। ইবন জুদআন (রহঃ) বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেনঃ আমি যেন এখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখছি। তিনি বলেন, এরপর আমি জান্নাতের দরওয়াজার আংটা ধরে তা খটখটাব। বলা হবে কে? উত্তরে বলা হবেঃ মুহাম্মাদ। আমার জন্য জান্নাতের দ্বার তারা (ফিরিশতারা) খুলে দিবেন এবং শুভেচ্ছা জানিয়ে বলবেনঃ মারহাবা, এরপর আমি (রাব্বুল আলামীনের হুযুরে) সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ্ তা’আলাই আমাকে হামদ ও ছানার ইলহাম করবেন। আমাকে বলা হবেঃ আপনার মাথা তুলুন। যাঞ্ছা করুন আপনাকে তা দেওয়া হবে। সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহন করা হবে। আপনি বলুন আপনার কথা শোনা হবে। এই হল মাকামে মাহমূদ যার কথা আল্লাহ্ তা’আলা বলেছেন, (عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا) আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে (১৭ঃ ৭৯)। সুফইয়ান (রহঃ) বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে ই কেবল এই বাক্যটি ’’আমি জান্নাতের দরওয়াজার আংটা ধরে তা খটখটাব’’ বর্ণিত আছে।

ছবি বানান