তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২১৮
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করে তাঁর স্ত্রীর সঙ্গে বাসার করেন। আমার মা উম্মু সুলায়ম ’হায়স’ তৈরি করে একটি পাত্রে রাখলেন। বললেনঃ হে আনাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এটি নিয়ে যাও। তাঁকে বলবে, আমার মা আপনার কাছে এই খাদ্য পাঠিয়েছেন এবং তিনি আপনাকে সালাম দিয়েছেন। আর তিনি বলেছেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাদের পক্ষ থেকে এই সামান্য কিছু! আনাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি তা নিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম। বললামঃ মা আপনাকে সালাম বলেছেন। আর বলেছেন, আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য কিছু। তিনি বললেনঃ রাখ। পরে কয়েকজনের নাম নিয়ে বললেনঃ যাও, অমুক অমুককে ডেকে নিয়ে আস আর যার সঙ্গে সাক্ষাত হয় তাকেও। তিনি যাদের নাম বলেছিলেন তাদেরসহ যার যার সঙ্গে আমার সাক্ষাত হয়েছে তাদের ডেকে নিয়ে এলাম। রাবী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করলাম। তাঁরা সংখ্যায় কতজন ছিলেন? তিনি বললেনঃ প্রায় তিনশ’। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ হে আনাস, পাত্রটি আন। আমন্ত্রিতরা ভিতরে আসলেন, এমনকি সুফফা এবং হুজরা ভরে গেল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ দশজন দশজন করে গোল হয়ে বসতে এবং প্রত্যেকেই তার নিজের পার্শ্বের থেকে খাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ তার সকলেই পরিতৃপ্ত হয়ে আহার করলেন। একেক দল বের হতেন অন্য দল এসে ঢুকতেন। এভাবে সকলেরই খাওয়া শেষ হল। আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আনাস, পাত্রটি উঠাও। আমি পাত্রটি উঠালাম। আমি বুঝতে পাছিলাম না। এটি যখন রেখেছিলাম তখন বেশী ছিল, না যখন উঠালাম তখন বেশী ছিল। তাঁদের কিছু দল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে বসে আলাপ-সালাপ করতে লাগলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপবিষ্ট ছিলেন এবং তাঁর নববধূ দেয়ালের দিকে তার মুখ ফিরিয়ে বসা ছিলেন। তাঁরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বোঝা স্বরূপ হয়ে উঠলেন। তিনি বের হয়ে পড়লেন এবং অন্যান্য স্ত্রীদের কামরায় গিয়ে তাঁদের সালাম দিলেন। পরে ফিরে এলেন। তারা যখন দেখলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন, তখন তারা বুঝতে পারলেন যে, তাঁরা তাঁকে বিরক্ত করছেন। তাই তারা দ্রুত দরজার দিকে এগিয়ে গেলেন এবং সকলেই বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পর্দা টেনে ভিতরে প্রবেশ করলেন। আমি হুজরায় বসা ছিলাম। কিছুক্ষণের মধ্যেই তিনি বের হয়ে আমার কাছে এলেন। তখন নিম্নের এই আয়াতগুলো তাঁর উপর নাযিল হয়। তিনি বাইরে বের হয়ে গেলেন এবং লোকদের সেগুলো পাঠ করে শোনালেনঃ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلاَّ أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ হে মু’মিনগণ, তোমাদের অনুমতি দেওয়া না হলে তোমরা আহার্য প্রস্তুতির জন্য অপেক্ষা না করে ভোজনের জন্য নবী-গৃহে প্রবেশ করবে না। তবে তোমদের আহবান করলে প্রবেশ করবে এবং খাওয়া শেষ হলে চলে যাবে; কথাবার্তায় মশগুল হয়ে পড়বে না। কারণ, তোমাদের এই আচরন নবীকে পীড়া দেয়শেষ পর্যন্ত। (৩৩ঃ ৫৩)। জা’দ বলেছেন যে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ লোকদের মাঝে আমি প্রথম এই আয়াতগুলো শুনি। এরপর থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ পর্দা আবৃত করেন।